Property: সাংসদের গাড়ির চালকের নামে ১৫০ কোটির জমি! বলছেন ‘উপহার’, কে দিল? – Bengali News | Shiv Sena MP’s Driver gifted Land worth 150 Crore rs, Who Gifted it?
মুম্বই: পেশায় গাড়িচালক। সাংসদ ও তাঁর বিধায়ক পুত্রের গাড়ি চালান। স্বাচ্ছন্দ্যের জীবনই কাটাচ্ছিলেন। হঠাৎ একটা তথ্য ফাঁস হয়ে যেতেই শুরু তোলপাড়। ওই গাড়িচালকের নামে রয়েছে বিপুল জমি, যার বর্তমান মূল্য ১৫০ কোটি টাকা! হ্যাঁ, ১৫০ কোটির সম্পত্তি, তাও আবার উপহারে পেয়েছেন। ওই চালকের সম্পত্তি দেখে চক্ষু চড়কগাছ পুলিশের।
একনাথ শিন্ডের শিবসেনা দলের সাংসদ সন্দীপন ভুমরের গাড়ির চালক জাভেদ রসুল শেখ। বিগত ১৩ বছর ধরে তিনি সাংসদের গাড়ি চালাচ্ছেন। এখন তাঁর ছেলে স্থানীয় বিধায়ক বিলাস ভুমরের জন্যও গাড়ি চালান। সেই গাড়িচালকের নামেই নাকি ১৫০ কোটির জমি! ছত্রপতি সম্ভাজি নগরের বাসিন্দা, হায়দরাবাদের নিজামের দিওয়ানের উত্তরসূরীরাই এই বিপুল সম্পত্তি ওই চালকের নামে লিখে দিয়েছেন। বিষয়টি সামনে আসতেই পুলিশের ইকোনমিক অফেন্স উইং তদন্তে নামে।
জানা গিয়েছে, মোট ৩ একর জমি জাভেদ রসুল শেখের নামে করে দিয়েছেন সালার জং পরিবারের মীর মাহমুদ আলি মাজহার আলি খান ও ৫ সদস্য। গিফ্ট ডিড হিসাবে এই সম্পত্তি হস্তান্তর করা হয়েছে। তবে প্রশ্ন উঠেছে যে রক্তের সম্পর্ক নেই, এমন একজনের নামে কেন হঠাৎ বিপুল সম্পত্তি লিখে দিল সালার জং পরিবার?
প্রসঙ্গত, এই সালার জং পরিবার নিজাম আমলে রাজার দিওয়ান হিসাবে কাজ করত। বিপুল প্রভাব-প্রতিপত্তি তাদের। দীর্ঘ সময় ধরে এই ৩ একর জমি নিয়ে আইনি লড়াই চালাচ্ছিল সালার জং পরিবার, ২০২২ সালে আদালত তাদের পক্ষেই রায় দেয়। আর এতেই তদন্তকারীদের আরও সন্দেহ বেড়েছে যে জমি নিয়ে এতদিন আইনি লড়াই চলল, তা হঠাৎ কেন পরিবারের বাইরে অন্য কারোর নামে লিখে দেওয়া হল?
জাভেদ রসুল শেখের দাবি, সালার জং পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক। সেই কারণেই তারা এই ৩ একর জমি তাঁকে উপহার স্বরূপ দিয়েেছে। যদিও এক আইনজীবী যিনি এই বিষয়টি সামনে আনেন, তিনি এই দাবি মানতে নারাজ। পুলিশে জানান বিষয়টি। এরপরই ইকোনমিক উইং তদন্ত শুরু করে।
বিধায়ক বিলাস ভুমরে জানান, তাঁর কাছে পুলিশের ফোন এসেছিল, জানতে চাওয়া হয়েছিল শেখ তাদের পরিবারের হয়ে কত বছর কাজ করেন। তবে তাঁর নামে যে এই বিপুল সম্পত্তি রয়েছে, সে বিষয়ে কিছুই জানেন না।
