কেমন আছেন রূপান্তরকামীরা? মত বিনিময়ের কর্মশালা কলকাতায় - 24 Ghanta Bangla News
Home

কেমন আছেন রূপান্তরকামীরা? মত বিনিময়ের কর্মশালা কলকাতায়

Spread the love

রূপান্তরকামী। নানা ক্ষেত্রে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তাঁদেরও।কেমন আছেন তাঁরা? আর কী কী করা দরকার? তারই মত বিনিময়ের কর্মশালা হল কলকাতায়।

একদিকে যখন বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে নিজ নিজ প্লাটফর্মে বিজয় পতাকা ওড়াচ্ছেন ভারতীয়রা, সাফল্যের সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছেন ভারতীয়রা, ঠিক তখনই এমন অন্ধকারময় জায়গাও রয়েছে সমাজে যেখানে রূপান্তরকামীদের আজও বাঁকা চোখে দেখেন কিছু মানুষ। আর সেই অন্ধকারকে দূর করতে, বিশেষত স্বাস্থ্যক্ষেত্রে রূপান্তরকামীদের অধিকারকে সুনিশ্চিত করার জন্য কর্মশালা হল কলকাতায়।

২৪শে জুন থেকে ২৬শে জুন ২০২৫, স্বাস্থ্য ভবনের কনফারেন্স হলে এই অনুষ্ঠান হয়। ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রিক সোশ্য়াল ওয়ার্ক,ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি-সিওই( আইপিজিএমইঅ্যান্ডআর-এসএসকেএম হাসপাতাল), ন্যাশানাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স( টিজি ডিভিশন), মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট( ভারত সরকার)-এর উদ্যোগে ও ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের সহযোগিতায় এই অনুষ্ঠান হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ ইনস্টিটিউটের অধিকর্তা, আইওপি-র অধিকর্তা, জনস্বাস্থ্য উপদেষ্টা, সহকারী স্বাস্থ্য অধিকর্তা (মানসিক স্বাস্থ্য), (পশ্চিমবঙ্গ সরকার) উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

NIMHANS-এর অধ্যাপক, TISS-এর সহকারী অধ্যাপক, IBHAS দিল্লির অতিরিক্ত অধ্যাপক, এন্ডোক্রিনোলজিস্ট, প্লাস্টিক সার্জন এবং ট্রান্সজেন্ডার ব্যক্তিরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

চিকিৎসক, নার্স, কাউন্সেলর, সরকারি আধিকারিকরা এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। রাজ্য স্বাস্থ্য দফতরের পদস্থ কর্তারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। বিভিন্ন সংগঠনের আওতায় থাকা রূপান্তরকামীরা তাঁদের বাস্তব অভিজ্ঞতার কথা শেয়ার করেন এই অনুষ্ঠানে। নিত্যদিনের জীবনে তাঁদের কী ধরনের প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয় সেকথাও জানিয়েছেন তাঁরা।

উদ্যোক্তারা জানিয়েছেন, এই ধরনের কর্মশালার প্রাথমিক লক্ষ্য হল ট্রান্সজেন্ডাররা যাতে স্বাস্থ্য ক্ষেত্রে পরিষেবা যথাযথ পান। যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি তাঁরা হচ্ছেন সেটা যাতে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্তরা ভালো করে বুঝতে পারেন। কোথাও যাতে তাঁদের সঙ্গে বৈষম্য না করা হয় সেটাও নিশ্চিত করা। তাঁদের শারীরিক ও মানসিক চিকিৎসার ক্ষেত্রে সবরকমভাবে উদ্যোগী হওয়ার জন্য নানা আলোচনা হয়েছে এই কর্মশালায়।

এদিকে একাধিক পরিসংখ্য়ানে দেখা গিয়েছে, গোটা দেশের মতোই পশ্চিমবঙ্গেও সরকারি নথিতে থাকা রূপান্তরকামীদের সংখ্য়ার সঙ্গে প্রকৃত সংখ্য়ার অনেকটা ফারাক রয়েছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রেই রূপান্তরকামীরা আজও নানা বঞ্চনার শিকার। কোনওরকম ভয়, বৈষম্য ছাড়াই যাতে গোটা দেশজুড়ে রূপান্তরকামীরা যথাযথ চিকিৎসা পরিষেবা পান সেটা নিশ্চিত করার ব্যাপারেও আলোচনা হয়েছে এই সেমিনারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *