লাফটারসেনের ওটিটি ডেবিউ, কনটেন্ট ক্রিয়েটাররা কতটা সফল অভিনয়ে? – Bengali News | Nirnajan Mondal is making his OTT debut
হইচই প্ল্যাটফর্মের নতুন সিরিজ ‘বীরাঙ্গনা’-তে দেখা যাবে নিরঞ্জন মণ্ডলকে। নিরঞ্জনকে লাফটারসেন নামেই সকলে চেনেন। তিনি অত্যন্ত নামী কনটেন্ট ক্রিয়েটার। নিজে যেসব কনটেন্ট ভাবেন নিরঞ্জন, তার মধ্যে অভিনয় করার বিষয়টা থাকে। নিজেই বিভিন্ন চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দেন। তাই ছবিতে বা ওয়েব সিরিজে অভিনয় করার ক্ষেত্রে তিনি যে সড়গড় হবেন, তা আশা করা যায়।
পরিচালক নির্ঝর মিত্র তৈরি করছেন ওয়েব সিরিজ ‘বীরাঞ্জনা’। আর আগে ‘ডাইনি’ ওয়েব সিরিজ পরিচালনা করেছিলেন তিনি। সেখানে প্রধান মুখ ছিলেন মিমি চক্রবর্তী। এবারে নির্ঝর পরিচালিত সিরিজে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন সন্দীপ্তা সেন। নিরঞ্জন অভিনীত চরিত্রের নাম চিরায়ু তালুকদার। পেশায় ফ্লোরিস্ট চিরায়ুর শান্ত স্বভাবের পিছনে কোন অতীত লুকিয়ে রয়েছে, সেটাই জানা যাবে ওয়েব সিরিজে।
নিরঞ্জন বললেন, ”এই চরিত্র করার জন্য যে বদল আনতে হয়েছে, সেটা সহজ নয়। আমার কমফর্ট জোন ছেড়ে বেরিয়েছি। আমাকে যেভাবে আপনারা সাধারণত দেখেন, তারচেয়ে অন্যভাবে দেখবেন। ‘বীরাঙ্গনা’ করে মনে হলো, একটা বড় কিছুর অংশ হচ্ছি”। ২৫ জুলাই দেখা যাবে এই ওয়েব সিরিজ। নিরঞ্জনের কাজ কেমন হয়, সেটা দেখার অপেক্ষা।
বাংলায় কনটেন্ট ক্রিয়েটাররা এর আগেও অভিনয় করেছেন। অন্যতম জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটার কিরণ দত্তর কথাই ধরা যাক। পাভেল পরিচালিত যে ছবিতে অভিনয় করেছিলেন কিরণ, সেটা অবশ্য দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয়তা পায়নি। মীর একটা দু’টো নয়, বাংলা-হিন্দি মিলিয়ে বেশ কিছু প্রোজেক্টের অংশ হয়েছেন। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘কিলবিল সোসাইটি’ ছবিতে কিরণকে দেখা গিয়েছে এক ঝলক। সেখানে কিরণ দত্ত রূপেই উপস্থিত ছিলেন তিনি। কনটেন্ট ক্রিয়েটারদের মধ্যে অনেকে অভিনয়ে সাফল্য পাননি। আবার হাতেগোনা ক’ জন অভিনেতা হিসাবে ছাপ রেখেছেন।