মমতার খাসতালুকে ল' কলেজের ভিতরে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ - 24 Ghanta Bangla News
Home

মমতার খাসতালুকে ল’ কলেজের ভিতরে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

খাস কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে কলেজের ভিতর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। কসবা ল’ কলেজের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে কলেজেরই ১ প্রাক্তন ছাত্র ও ২ ছাত্রের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে ৩ অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, কসবা ল’কলেজের এক ছাত্রী থানায় গিয়ে অভিযোগ করেন যে তিনি গণধর্ষণের শিকার হয়েছেন। গত বুধবার কলেজের ভিতরেই তাঁকে গণধর্ষণ করেছেন ৩ জন। তাদের মধ্যে ১ জন প্রত্যক্ষভাবে ধর্ষণে অভিযুক্ত। যিনি কলেজের প্রাক্তন ছাত্র ও পেশায় আইনজীবী।বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে ঘটেছে এই ঘটনা।

অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। তালবাগান এলাকা থেকে গ্রেফতার করা হয় ২ অভিযুক্তকে। তাদের জেরা করে মূল অভিযুক্তের খোঁজ পান তদন্তকারীরা। তাঁকেওগ্রেফতার করা হয়। শারীরিক পরীক্ষার জন্য ছাত্রীকে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে নিয়ে যান পুলিশ আধিকারিকরা। ঘটনার সময় কারা কলেজে উপস্থিত ছিলেন। তাঁরা কী দেখেছেন তাও জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের শুক্রবার আদালতে পেশ করে হেফাজতে নিতে চলেছেন তদন্তকারীরা।

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত। কসবার বিধায়ক জাভেদ খান রাজ্যের অন্যতম বরিষ্ঠ মন্ত্রী। সেখানেই ল’ কলেজের ভিতরে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠায় রাজ্যে ফের নারী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল বলে দাবি করেছে বিরোধীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *