Rani Birla Girls College: হেনস্থা, মানসিক চাপের অভিযোগ; এবার মানস কবির বিরুদ্ধে থানায় অধ্য়ক্ষ – Bengali News | Rani Birla Girls College Principal files complaint at police station against Manas Kabi
শ্রাবন্তী ভট্টাচার্য (বাঁদিকে), মানস কবি (ডানদিকে)Image Credit source: TV9 Bangla
কলকাতা: রানি বিড়লা গার্লস কলেজের অধ্যক্ষ শ্রাবন্তী ভট্টাচার্যকে হেনস্থার অভিযোগের জল গড়াল থানা পর্যন্ত। কলেজ অধ্যক্ষদের সংগঠনের সাধারণ সম্পাদক মানস কবির বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করলেন শ্রাবন্তী ভট্টাচার্য। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে জেনারেল ডায়েরি করেছে পুলিশ। লিখিত অভিযোগে মানস কবির বিরুদ্ধে হুমকি, হেনস্থা, চাপ দেওয়ার অভিযোগ করেছেন রানি বিড়লা গার্লস কলেজের অধ্যক্ষ।
রানি বিড়লা গার্লস কলেজে পরিচালন সমিতিতে দুই শিক্ষক সদস্যের মনোনয়ন ঘিরে গন্ডগোলের সূত্রপাত। লিখিত অভিযোগে শ্রাবন্তী ভট্টাচার্য জানিয়েছেন, গত ১৮ জুন অন্য কলেজের অধ্যক্ষদের নিয়ে তাঁর কলেজে এসে তাঁকে হুমকি দেন মানস কবি। পরিচালন সমিতিতে ইলেকশন নয়, সিলেকশনের জন্য চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ।
অধ্যক্ষের দাবি, সিসি ক্যামেরা এড়াতে অধ্যক্ষর কার্যালয়ের পরিবর্তে অন্য ঘরে তাঁকে ডেকে নিয়ে যান মানস কবি। অধ্যক্ষ পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, “ঘণ্টাখানেক ধরে আলোচনার নামে হেনস্থা করা হয়।” শুধু তাই নয়, কথা না শুনলে চাকরি বিপদে পড়বে বলে মানস কবি তাঁকে হুমকি দেন বলে অভিযোগ শ্রাবন্তী ভট্টাচার্যর।
১৮ তারিখে ঘটনাটি ঘটলেও ২৫ তারিখে কেন তিনি পুলিশের কাছে অভিযোগ জানালেন? লিখিত অভিযোগপত্র সেই কারণও উল্লেখ করেছেন শ্রাবন্তী ভট্টাচার্য। তিনি লিখেছেন, ঘণ্টাখানেক ধরে হেনস্থার শিকার হওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। ফলে অভিযোগ দায়ের করার মতো শারীরিক অবস্থায় ছিলেন না তিনি। মঙ্গলবার সন্ধেয় (২৪ জুন) হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। তারপরই বুধবার অভিযোগ দায়ের করতে থানায় পৌঁছন।
রানি বিড়লা গার্লস কলেজের অধ্যক্ষের অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানতে চেয়ে মানস কবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। অভিযোগপত্রের প্রতিলিপি-সহ হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়। তবে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
