PM Modi: মরিশাসের প্রধানমন্ত্রীকে ফোন মোদীর, কী কথা হল দুই রাষ্ট্রপ্রধানের? – Bengali News | Prime Minister Narendra Modi speaks with Prime Minister of Mauritius Navin Ramgoolam
কী কথা হল দুই রাষ্ট্রনেতার?Image Credit source: TV9 Bangla
নয়াদিল্লি: দুই দেশের অনন্য সম্পর্ক। মরিশাসের সঙ্গে সেই সম্পর্ককে আরও দৃঢ় করতে উদ্যোগী হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার তিনি মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের সঙ্গে ফোনে কথা বলেন। মরিশাস ও ভারতের কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করা নিয়ে দুই রাষ্ট্রনেতার আলোচনা হল। প্রতিরক্ষা ও সমুদ্রপথে নিরাপত্তা নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়। গত ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য মরিশাসের প্রধানমন্ত্রীর প্রশংসা করেন মোদী।
মরিশাস ও ভারতের মধ্যে বিশেষ সম্পর্কের উপর জোর দেন দুই রাষ্ট্রনেতাই। একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব ও সহযোগিতা আরও গভীর করার পদক্ষেপ নিয়ে আলোচনা করেন মোদী ও রামগুলাম। দুই রাষ্ট্রনেতার আলোচনা নিয়ে প্রধানমন্ত্রীর অফিসের তরফে এক বিবৃতিতে বলা হয়, “নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে রয়েছে প্রতিরক্ষা, সমুদ্রপথে নিরাপত্তা, দুই দেশের নাগরিকদের মধ্যে সম্পর্ক। ডিজিটাল পরিকাঠামো নিয়েও নবীন্দ্রচন্দ্র রামগুলামের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।”
ভারতের ভিশন MAHASAGAR (মিউচুয়াল অ্যান্ড হলিস্টিক অ্যাডভান্সমেন্ট ফর সিকিউরিটি অ্যান্ড গ্রোথ অ্য়াক্রশ রিজিয়নস) ও প্রতিবেশী প্রথম নীতিতে মরিশাস যে অন্যতম অংশীদার, সেকথা তুলে ধরেন মোদী। মরিশাসের প্রধানমন্ত্রীকে ‘বন্ধু’ বলে সম্বোধন করে পরে এক্স হ্যান্ডলে মোদী লেখেন, “এই অঞ্চলের উন্নয়ন ও কৌশলগত অংশীদারিত্ব আরও বাড়ানো নিয়ে মরিশাসের প্রধানমন্ত্রী সঙ্গে আলোচনা হয়েছে।” মরিশাসের প্রধানমন্ত্রীকে দ্রুত ভারতে আসার আমন্ত্রণ জানান মোদী।
ভারত এবং মরিশাসের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং কৌশলগত সম্পর্ক রয়েছে। মরিশাসের সঙ্গে ভারতের দৃঢ় সম্পর্কের আরও একটি কারণ হল, সেদেশের ৭০ শতাংশ নাগরিক ভারতীয় বংশোদ্ভূত। ভারত মহাসাগর অঞ্চলে মরিশাস ভারতের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার।
২০০৫ সাল থেকে মরিশাসের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার হল ভারত। ২০২৩-২৪ অর্থবর্ষে ভারত থেকে ৭৭৮.০৩ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য মরিশাসে রফতানি করা হয়েছিল। সেখানে মরিশাস ভারতে রফতানি করে ৭৩.১০ মিলিয়ন ডলার মূল্যের পণ্য। গত ১৮ বছরে মরিশাস ও ভারতের মধ্যে বাণিজ্য কয়েকগুণ বেড়েছে। ২০০৫-০৬ অর্থবর্ষে দুই দেশের মধ্যে ২০৬.৭৬ মিলিয়ন ডলার মূল্যের বাণিজ্য হয়েছিল। ২০২৩-২৪ অর্থবর্ষে তা এসে দাঁড়ায় ৮৫১.১৩ মিলিয়ন ডলারে।
