দিঘায় প্রথম রথযাত্রা ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, মোতায়েন তিন হাজার ফোর্স - 24 Ghanta Bangla News
Home

দিঘায় প্রথম রথযাত্রা ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, মোতায়েন তিন হাজার ফোর্স

দিঘার জগন্নাথ মন্দিরে প্রথমবার রথযাত্রা। আর এই রথযাত্রা ঘিরে শহরে এখন উৎসবের আমেজ। সেই কথা মাথায় রেখে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। রথের দিন শুক্রবার। তার আগেই আজ বুধবার দিঘায় পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সড়কপথেই দিঘায় পৌঁছবেন বলে প্রশাসন সূত্রের খবর। (আরও পড়ুন: দিঘার হোটেলে বেশি ভাড়া চাইছে? পর্যটকরা সরাসরি হোয়াটসঅ্যাপে জানাতে পারবেন অভিযোগ)

আরও পড়ুন: জগন্নাথের প্রসাদ বিলি করতে আগ্রহী কাউন্সিলররা, রেশন ডিলারদের কাছে আবেদন

রাজ্য সরকারের পর্যটন ও তথ্য-সংস্কৃতি দফতরের উদ্যোগে কোলাঘাট থেকে দিঘা পর্যন্ত জাতীয় সড়কের দুই পাশে লাগানো হয়েছে মুখ্যমন্ত্রী এবং জগন্নাথ মন্দিরের ছবি-সহ বড় বড় হোর্ডিং। বিভিন্ন রাস্তায় অন্তত ১০টি জায়গায় তৈরি হয়েছে পুলিশের অ্যাসিস্ট্যান্ট বুথ। মঙ্গলবারই অন্যান্য জেলা থেকে বাড়তি পুলিশ ফোর্স এসে পৌঁছেছে দিঘায়। নিরাপত্তায় কোনও খামতি না রাখতে প্রায় ৩ হাজার পুলিশ মোতায়েন করা হবে বলে জানা গেছে প্রশাসনের তরফে। রাজ্য পুলিশের এডিজি বিনীত গোয়েল নিজে মঙ্গলবার দুপুরে দিঘায় এসে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন। রথযাত্রা ঘিরে প্রশাসনিক নজরদারিও ব্যাপক। নিরাপত্তা ও ব্যবস্থাপনার জন্য চার জন অতিরিক্ত জেলাশাসককে বিভিন্ন দায়িত্বে রাখা হয়েছে। তাঁদের সঙ্গে যুক্ত করা হয়েছে প্রায় ২০ জন ম্যাজিস্ট্রেটকে। (আরও পড়ুন: লালমনিরহাটে হিন্দু বৃদ্ধ ও ছেলেকে গণপিটুনি, বাংলাদেশি পুলিশ অফিসারের কথায় বিতর্ক)

রথযাত্রার রুট এবং পার্কিংয়ের তত্ত্বাবধানে থাকবেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) অনির্বাণ কোল। মন্দির চত্বরে পুজো, রথে প্রভু জগন্নাথকে ওঠানো-নামানোর দায়িত্বে রয়েছেন অতিরিক্ত জেলাশাসক (ভূমি) বৈভব চৌধুরী। মুখ্যমন্ত্রী ও অন্যান্য ভিআইপিদের আগমন ও অনুষ্ঠান অংশগ্রহণ সামলাবেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) নেহা বন্দ্যোপাধ্যায়। হোটেল, অতিবৃষ্টি বা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার দায়িত্বে থাকবেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সৌভিক চট্টোপাধ্যায়।

তার পাশাপাশি আলোকসজ্জায় সেজে উঠেছে দিঘা। সন্ধ্যার পর থেকেই শহর থাকছে আলোকমালায় মোড়া। মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ রাস্তায় লাগানো হয়েছে বাহারি আলো। রাস্তায় বসানো হয়েছে মাইক, তৈরি হয়েছে বাঁশের ব্যারিকেড। দর্শনার্থীদের ভিড় সামলাতে নির্দিষ্ট দূরত্বে বসানো হয়েছে একাধিক ড্রপ গেট। রথযাত্রার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য মুখ্যমন্ত্রী ভরসা রেখেছেন তাঁর বিশ্বস্ত মন্ত্রীদের উপর। আজ বুধবার সকাল ১১টা নাগাদ কলকাতা থেকে দীঘার উদ্দেশে রওনা দেবেন পুলক রায়, অরূপ বিশ্বাস, সুজিত বসু, স্নেহাশিস চক্রবর্তী ও চন্দ্রিমা ভট্টাচার্য। মন্দিরের উদ্বোধন যাঁরা সফলভাবে পরিচালনা করেছিলেন, এবার তাঁদের হাতেই রথ উৎসবের দায়িত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *