চিড়িয়াখানার জমি বিক্রির সিদ্ধান্ত, বিরোধিতায় জনস্বার্থ মামলা হাইকোর্টে - 24 Ghanta Bangla News
Home

চিড়িয়াখানার জমি বিক্রির সিদ্ধান্ত, বিরোধিতায় জনস্বার্থ মামলা হাইকোর্টে

Spread the love

আলিপুর চিড়িয়াখানার জমি বিক্রির উদ্যোগ ঘিরে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। অভিযোগ, সুপ্রিম কোর্টের পুরনো নির্দেশ অমান্য করে রাজ্য সরকার বেআইনিভাবে চিড়িয়াখানার জমি বিক্রি করতে চাইছে। ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে বিক্রির জন্য। এই বিষয়ে দ্রুত শুনানির আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করেছেন এক সমাজকর্মী।

আরও পড়ুন: হাতি-গন্ডারের মলে ফলছে টাটকা কচি ঘাস, সেই ঘাসই খাচ্ছে চিড়িয়াখানার তৃণভোজীরা!

মামলাটি ওঠে বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে। মামলাকারীর তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট এর আগে স্পষ্টভাবে জানিয়েছিল, চিড়িয়াখানার জমি সংরক্ষিত থাকতে হবে। সেই নির্দেশ অগ্রাহ্য করেই জমি বিক্রির জন্য টেন্ডার ডাকা হয়েছে। বেঞ্চ মামলাটি গ্রহণ করে শুনানির অনুমতি দিয়েছে। জানা যাচ্ছে,

চিড়িয়াখানার যে রাস্তার পাশ ঘেঁষে মূল প্রবেশপথ, তার অপর পাশে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ভবন। সেখানে রয়েছে একটি অ্যাকোয়ারিয়াম, একটি অডিটোরিয়াম, পশুদের জন্য একটি হাসপাতাল, নার্সারি এবং চিড়িয়াখানার কর্মীদের জন্য স্টাফ কোয়ার্টার।

সূত্রের খবর, অডিটোরিয়াম এবং স্টাফ কোয়ার্টারের অবস্থা বর্তমানে জরাজীর্ণ। সেই জমিকেই নাকি বাণিজ্যিক ব্যবহারের অনুমতি দিয়ে দিয়েছে রাজ্য সরকার। অভিযোগ, সেই জমি বিক্রি করে দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। এই নিয়ে প্রথম সরব হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছিলেন, আলিপুর চিড়িয়াখানার অন্তর্গত ৫০ কাঠা জমি বিক্রির চেষ্টা করছে রাজ্য সরকার। বিক্রির সম্ভাব্য মূল্য ধরা হয়েছে প্রায় ১ হাজার কোটি টাকা। গত জানুয়ারিতে এই ইস্যুতে বিজেপির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল হয়েছিল রবীন্দ্র সদন থেকে চিড়িয়াখানার সামনে পর্যন্ত।

মামলাকারীর দাবি, আলিপুর চিড়িয়াখানার জমি শুধু কলকাতার নয়, গোটা রাজ্যের ঐতিহ্যের অংশ। এটি সরকারি সম্পত্তি, যা পরিবেশ, জীববৈচিত্র্য এবং জনগণের স্বার্থে সংরক্ষিত থাকা উচিত। সুপ্রিম কোর্টও এই বিষয়ে আগেই মত দিয়েছে। সেই নির্দেশিকা লঙ্ঘন করেই এখন জমি বিক্রির চেষ্টা হচ্ছে।এই পরিস্থিতিতে হাইকোর্ট যেন অবিলম্বে হস্তক্ষেপ করে, সে আবেদন জানানো হয়েছে আদালতে। মামলাকারীর তরফে দ্রুত শুনানির আরজি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *