আপাতত ওবিসিদের ‘জেনারেল’ ক্যাটেগরিতে নিয়োগে আবেদন করতে হবে, জানাল এসএসসি - 24 Ghanta Bangla News
Home

আপাতত ওবিসিদের ‘জেনারেল’ ক্যাটেগরিতে নিয়োগে আবেদন করতে হবে, জানাল এসএসসি

Spread the love

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) চাকরির নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় বদল এল ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) প্রার্থীদের ক্ষেত্রে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আপাতত ওবিসি প্রার্থীদের জন্য কোনও আলাদা ক্যাটেগরি রাখা হচ্ছে না। জেনারেল ক্যাটেগরির মতোই তাঁদের আবেদন করতে হবে। এসএসসি জানিয়েছে, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি এখনও বিচারাধীন। তাই আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত জাতি উল্লেখ করে আবেদন করার সুযোগ থাকছে না। মামলার নিষ্পত্তি হলে ফের নতুন করে আবেদন সংশোধনের সুযোগ দেওয়া হবে। তখন ওবিসিরা নিজেদের জাতিগত ক্যাটেগরি জানিয়ে আবেদনপত্র সংশোধন করতে পারবেন। (আরও পড়ুন: ২৫% বকেয়া ডিএ মেটানো নিয়ে বড় দাবি রিপোর্টে, মহার্ঘ ভাতা বিজ্ঞপ্তিতে থাকবে চমক?)

আরও পড়ুন: হাইকোর্টে স্বস্তি কল্যাণময়ের, ইডির মামলায় পেলেন জামিন, এখনই হচ্ছে না জেলমুক্তি

এই মুহূর্তে এসএসসির পরীক্ষার আবেদনপত্রে তফসিলি জাতি ও জনজাতি প্রার্থীদের জন্য ফি ধরা হয়েছে ২০০ টাকা। জেনারেল ক্যাটেগরির আবেদন ফি ৫০০ টাকা। ফলে ওবিসি প্রার্থীদেরও এখন ৫০০ টাকা জমা দিয়েই আবেদন করতে হবে। ফি-তে কোনও ছাড় থাকছে না। কমিশনের এক আধিকারিক জানান, মামলা মিটে গেলে ওবিসিদের জন্য সংরক্ষণ ফের কার্যকর হতে পারে। আপাতত জেনারেল ক্যাটেগরিতেই আবেদন করতে হবে। এরপর আদালতের নির্দেশ অনুসারে পদক্ষেপ করা হবে। যাঁরা ইতিমধ্যেই জাতি উল্লেখ করে আবেদন করেছেন, তাঁদের ক্ষেত্রেও হাই কোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ এলে সংশোধনের সুযোগ দেওয়া হবে বলে কমিশন আশ্বস্ত করেছে। উল্লেখ্য, সোমবার এসএসসির অনলাইন আবেদন পোর্টাল সাময়িকভাবে বন্ধ ছিল। মঙ্গলবার থেকে তা ফের চালু হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু প্রযুক্তিগত উন্নয়নের জন্যই পোর্টাল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। (আরও পড়ুন: দিঘার হোটেলে বেশি ভাড়া চাইছে? পর্যটকরা সরাসরি হোয়াটসঅ্যাপে জানাতে পারবেন অভিযোগ)

আরও পড়ুন: লালমনিরহাটে হিন্দু বৃদ্ধ ও ছেলেকে গণপিটুনি, বাংলাদেশি পুলিশ অফিসারের কথায় বিতর্ক

প্রসঙ্গত, ২০১০ সালের আগে পশ্চিমবঙ্গে মোট ৬৬টি জনগোষ্ঠীকে ওবিসি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এর মধ্যে অমুসলিম ছিল ৫৪টি এবং মুসলিম ১২টি জনগোষ্ঠী। কিন্তু আদালতের নির্দেশ অনুযায়ী, ২০১০ সালের পর যাঁরা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন তাঁদের শংসাপত্র আপাতত বাতিল বলে ধরা হচ্ছে। ফলে কলেজে ভর্তি থেকে শুরু করে চাকরির আবেদন সব ক্ষেত্রেই ওবিসি সংরক্ষণ আটকে গিয়েছে। এই প্রেক্ষিতেই এসএসসি আপাতত ওবিসিদের জেনারেল ক্যাটেগরিতে রেখেই আবেদন চালু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *