কোথায় মেয়ের উপরে অত্যাচার? দেখতে চান আরজি করে নির্যাতিতার বাবা-মা, CBI কী বলল? - 24 Ghanta Bangla News
Home

কোথায় মেয়ের উপরে অত্যাচার? দেখতে চান আরজি করে নির্যাতিতার বাবা-মা, CBI কী বলল?

Spread the love

আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। সেই ঘটনায় মেয়ের মৃত্যুস্থল ‘প্লেস অফ অকারেন্স’ দেখতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার বাবা-মা। মঙ্গলবার সেই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে। মামলায় সিবিআই জানিয়ে দিল, পরিবারের এমন অনুরোধে তাদের কোনও আপত্তি নেই। এরপর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্যাতিতার পরিবারকে লিখিতভাবে আবেদন জানানোর নির্দেশ দেন।

আরও পড়ুন: আরজি করের সেমিনার রুমই ‘ক্রাইম সিন’! তাও অনেক জিনিস পরিপাটি রইল কেন? বলল আদালত

সোমবার নির্যাতিতার পরিবারের আইনজীবী হাইকোর্টে বিষয়টি তুলে ধরেন। বিচারপতি তাঁদের মামলা দায়েরের অনুমতি দেন। নির্যাতিতার বাবা-মায়ের আবেদন ছিল, তাঁরা হাসপাতালে ঘটনাস্থলে গিয়ে নিজের চোখে দেখতে চান, ঠিক কোথায় তাঁদের মেয়ের উপর সেই ভয়ঙ্কর নির্যাতন হয়েছিল।

উল্লেখ্য, গত অগস্ট মাসে আরজি কর হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ে চিকিৎসা পড়ুয়াকে ধর্ষণ করে খুন করা হয়। তারপরে এই অভিযোগে গ্রেফতার করা হয় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জশিটে একমাত্র অভিযুক্ত হিসেবে উঠে আসে সঞ্জয়ের নাম। নিম্ন আদালত তাঁকে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করে।

তবে সিবিআইয়ের তদন্তে অসন্তুষ্ট নির্যাতিতার পরিবার। তাঁরা শিয়ালদা আদালতে রায় ঘোষণার আগে বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আবেদন জানান। সেই সময় বিচারপতি জানান, সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া তিনি শুনানি করতে পারবেন না। এরপর পরিবার যায় সুপ্রিম কোর্টে। সেখান থেকে অনুমতি পাওয়ার পর ফের হাইকোর্টে মামলার শুনানি শুরু হয়। সেই মামলার প্রেক্ষিতেই মঙ্গলবার নির্যাতিতার পরিবার আদালতে আবেদন জানায়, যাতে তাঁরা ঘটনাস্থলে যেতে পারেন। সিবিআই সাফ জানায়, এতে তারা কোনও বাধা দেবে না। অর্থাৎ এখন ঘটনাস্থল দেখার ক্ষেত্রে শুধু হাইকোর্টের নির্দেশে অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *