বিধানসভায় তুলকালাম, সাসপেন্ড ৪ BJP বিধায়ক, শংকরদের সঙ্গে মার্শালদের ধস্তাধস্তি - 24 Ghanta Bangla News
Home

বিধানসভায় তুলকালাম, সাসপেন্ড ৪ BJP বিধায়ক, শংকরদের সঙ্গে মার্শালদের ধস্তাধস্তি

Spread the love

রাজ্য বিধানসভায় ফের তুমুল উত্তেজনা। বিধানসভা থেকে ৪ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর পর তাদের টেনে হিঁচড়ে বিধানসভা থেকে বার করে মার্শালরা। মার্শালদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিজেপি বিধায়কদের। এর পর বিধানসভার লবিতে দাঁড়িয়ে বিজেপির মুখ্য সচেতক বলেন, মার্শালদের দিয়ে বিজেপি বিধায়কদের ওপর অত্যাচার চালানো হয়েছে। এই তৃণমূলের শেষ দেখে তবে ছাড়ব।

গত শুক্রবার বিধানসভায় একটি বিলের ওপর আলোচনার সময় নিজেদের বক্তব্য রেখে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। শাসকদলের বক্তব্য না শোনার কারণ দেখিয়ে সমস্ত বিজেপি বিধায়কের বক্তব্য বিধানসভার রেকর্ড থেকে বাদ দিয়ে দেন অধ্যক্ষ। সোমবার বিধানসভার অধিবেশন শুরু হলে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি জানতে চান কেন বিজেপি বিধায়কদের বক্তব্য বাদ দেওয়া হল। স্পিকার কারণ জানালে শংকর ঘোষের নেতৃত্বে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। এর পরই শংকর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মনোজ ওঁরাওসহ ৪ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার। তাঁদের বিধানসভা থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন তিনি। কিন্তু বিধানসভা ছাড়তে রাজি ছিলেন না বিজেপি বিধায়করা। তখন মার্শাল দিয়ে টেনে হিঁচড়ে বিজেপি বিধায়কদের বিধানসভা থেকে বার করে দেওয়া হয়।

এর পর বিধানসভার লবিতে দাঁড়িয়ে শংকর ঘোষ বলেন, আমাদের ওপর মার্শাল দিয়ে অত্যাচার চালানো হয়েছে। প্রবীণ বিধায়কদেরও রেয়াত করা হয়নি। আমার চশমা ভেঙে গিয়েছে। এই তৃণমূলকে ছাড়ব না। এদের শেষ দেখে ছাড়ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *