Birbhum: পুলিশের পরিচয় দিয়ে ব্যবসায়ীকে অপহরণের পরিকল্পনা, ভেস্তে দিল পুলিশ – Bengali News | Birbhum Birbhum: Police foil plan to kidnap businessman by impersonating police
খয়রাশোল: ৫০ লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে সিনেমার কায়দায় এক ব্যবসায়ীকে অপহরণ করতে এসে পুলিশের তৎপরতায় ভেস্তে গেল অপহরণকারীদের পরিকল্পনা। ঘটনাটি ঘটেছে খয়রাসোল থানার পাঁচড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ড এবং পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচ জনের একটি অপহরণকারীদের দল স্করপিও গাড়ি নিয়ে খয়রাসোল থানার পাঁচড়া এলাকা থেকে দুবরাজপুরের ব্যবসায়ী জয় সরকারকে অপহরণের চেষ্টা করে। পাঁচ জন মিলে ব্যবসায়ীকে গাড়িতে চাপানোর চেষ্টা, চলে ধাক্কাধাক্কি। এ দৃশ্য দেখে অনেকেই হতবাক।
ব্যবসায়ীর স্ত্রী তনুশ্রী সরকার পুলিশকে খবর দেন। তিনি অভিযোগ করেন, বেশ কয়েকজন অপরিচিত ব্যক্তি একজনকে টেনে গাড়িতে চাপানোর চেষ্টা করছে এবং ধ্বস্তাধ্বস্তি চলছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে চাপিয়ে অপহরণকারীরা কয়েক কিলোমিটার রাস্তা এগিয়ে যায়। এদিকে পুলিশ ধাওয়া করে অপহরণকারীদের গাড়ি সহ তাঁদের আটক করে থানায় নিয়ে আসে। এদিকে ব্যবসায়ীর স্ত্রী অভিযোগ করেন, পঞ্চাশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। আটকদের মধ্যে দুর্গাপুর এলাকার দেবাশিস বন্দ্যোপাধ্যায় নিজেকে পুলিশ পরিচয় দেন। যার প্রেক্ষিতে খয়রাসোল থানার পুলিশকে বিড়ম্বনায় পড়তে হয়।
শেষ পর্যন্ত ধৃতের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারেন আদৌও তিনি পুলিশের লোক নয়। পুলিশ সকলকে গ্রেফতার করে সেই সাথে স্করপিও গাড়ি, পাঁচটি মোবাইল, নাইলন দড়ি অন্যান্য অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করে।
