Jalpaiguri: ময়নাগুড়ির কাঠমিস্ত্রি খুনে অসম থেকে গ্রেফতার মূল অভিযুক্ত – Bengali News | Jalpaiguri Main accused arrested from Assam in Maynaguri carpenter murder case
জলপাইগুড়ি: ময়নাগুড়ি খুন কাণ্ডে অসম থেকে গ্রেফতার মূল অভিযুক্ত। বন্ধুকে খুন করে বাড়ির উঠোনে মাটি চাপা দিয়ে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ।ময়নাগুড়ির ব্রক্ষ্মপুর এলাকায় খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত পরিমল রায়কে অসমের সরাই ফুং এলাকা থেকে গ্রেফতার করে আনল ময়নাগুড়ি থানার পুলিশ।
৪ জুন একটি পরিত্যক্ত মোটর বাইক উদ্ধার হয়। সেই বাইকের মালিকের খোঁজে গিয়ে ময়নাগুড়ির ব্রক্ষ্মপুর এলাকায় এক বাড়িতে যান। বাড়িতে পা রাখতেই তাজ্জব হয়ে যায় পুলিশ। বাড়ির উঠোন থেকে উদ্ধার হয় এক ব্যক্তির দেহ। তদন্তে পুলিশ জানতে পারে, ওই ব্যক্তির নাম গৌতম রায়। তিনি পেশায় কাঠমিস্ত্রি। কিন্তু যে বাড়ি থেকে গৌতমের দেহ উদ্ধার হয়, সেটি গৌতমের নয়।
বাড়ির মালিক পরিমল রায়। তিনিও পেশায় কাঠমিস্ত্রি। কিন্তু ঘটনার পর থেকে পলাতক পরিমল রায় ও তাঁর স্ত্রী সঙ্গীতা রায়। তার খোঁজে তল্লাশি চলতে থাকে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, অসমে আত্মগোপন করে রয়েছে পরিমল। অসমে পুলিশের একটা টিম যায়। অসমের শিবসাগর জেলা থেকে পরিমলের স্ত্রী সঙ্গীতাকে গ্রেফতার করে আনে পুলিশ। তাকে জেরা করেই খোঁজ মেলে পরিমলের। এবার মূল অভিযুক্ত পরিমল ধরা পড়েছে।
কিন্তু পরিমল কী কারণে গৌতমকে খুন করেছে, সেটা এখনও স্পষ্ট জানা যায়নি। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় ময়নাগুড়ি থানার পুলিশ।
