গ্যাস কাটার দিয়ে ATM লুট, আগুন ধরাল দুষ্কৃতীরা, ভিডিয়ো করলেন ব্যক্তি - 24 Ghanta Bangla News
Home

গ্যাস কাটার দিয়ে ATM লুট, আগুন ধরাল দুষ্কৃতীরা, ভিডিয়ো করলেন ব্যক্তি

Spread the love

ময়নাগুড়ির পরে এবার এটিএম লুট শিলিগুড়িতে। এটিএম থেকে শুধু লক্ষাধিক টাকা লুটই করল না দুষ্কৃতীরা। আগুন ধরিয়ে দিল এটিএমে। তার ফলে পুড়ে ছাই হয়ে গিয়েছে এটিএমের দুটি মেশিন। আর পুরো ঘটনার ভিডিয়ো রেকর্ডিং করলেন এক ব্যক্তি। চম্পাসারি মোড়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম গ্যাস কাটার দিয়ে কেটে এভাবেই লুটপাট চালানো হয়েছে।

আরও পড়ুন: এটিএম ভেঙে লক্ষ-লক্ষ টাকা লুট, ৪০ কিমি পর্যন্ত ধাওয়া পুলিশের, অধরা দুষ্কৃতীরা

জানা গিয়েছে, ওই ব্যক্তি তাঁর বাড়ির বারান্দা থেকে প্রত্যক্ষ করেন এটিএম লুটের দৃশ্য। তখনই তিনি মোবাইলে ভিডিয়ো করেন। ওই ভিডিয়ো পরে পুলিশের হাতে তুলে দেন। ঘটনাটি ঘটেছে গভীর রাতে। জানা যাচ্ছে, ওই ব্যক্তির বাড়ির ঠিক উলটো দিকে ছিল এটিএমটি। মাঝরাতে সন্দেহজনক আওয়াজে ঘুম ভাঙে তাঁর মেয়ের। জানালা দিয়ে বাইরে দেখতেই চোখে পড়ে কয়েকজন দুষ্কৃতী এটিএমে ঢুকছে। তিনি ১০০ নম্বরে ফোন করার চেষ্টা করেন। কিন্তু যোগাযোগ করতে পারেননি। এরপর তাঁর বাবা এসে বারান্দা থেকে দেখেন, টাকা লুট করে দুষ্কৃতীরা বুথে আগুন ধরিয়ে দিচ্ছে।

সেই মুহূর্তেই বৃষ্টি উপেক্ষা করে তিনি আগুন লাগানোর দৃশ্য মোবাইলে রেকর্ড করেন। পুলিশের তদন্তে সেই ভিডিয়ো গুরুত্বপূর্ণ তথ্য দেবে বলে মনে করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তদন্তে জানা যায়, গ্যাস কাটার দিয়ে এটিএমের দুটি মেশিন কেটে টাকা লুট করেছে দুষ্কৃতীরা। আগুনে পুড়ে গিয়েছে দুটি মেশিনই। প্রায় ১০ লক্ষ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ।

পুলিশের দাবি, একটি চার-চাকার গাড়ি করে এসেছিল দুষ্কৃতীরা। গাড়ির নম্বর প্লেট বদলে ফেলা ছিল। দুষ্কৃতীদের ধরতে বিভিন্ন টোল গেটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ইতিমধ্যেই দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরের প্রতিটি থানাকে সতর্ক করেছে।উল্লেখ্য, সম্প্রতি ময়নাগুড়িতেও একইভাবে এটিএম লুট হয়েছিল। সেখান থেকে প্রায় ৫৪ লক্ষ টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা। চারজন ধরা পড়লেও এখনও পলাতক পঞ্চম ব্যক্তি। এবার ফের সেই ঘটনার পুনরাবৃত্তি শিলিগুড়িতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *