উৎসবের মেজাজে ভোট কালীগঞ্জে, নিরাপত্তার বজ্র আঁটুনিতে উপনির্বাচন, নালিশও আছে - 24 Ghanta Bangla News
Home

উৎসবের মেজাজে ভোট কালীগঞ্জে, নিরাপত্তার বজ্র আঁটুনিতে উপনির্বাচন, নালিশও আছে

Spread the love

কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন যেন এক উৎসবে পরিণত হয়েছে। তেমনই ছবি দেখা গেল কালীগঞ্জজুড়ে। কালীগঞ্জের হাটগাছা অঞ্চলের হাটগাছা প্রাথমিক বিদ্যালয় বুথগুলিতে দেখা গেল ভোটারদের ব্যাপক উৎসাহ। এই বিদ্যালয়ে ৮০/২০৯ নম্বর বুথে ভোটারদের লম্বা লাইন ছিল সকাল থেকে। যা গড়ায় দুপুর পর্যন্ত। মোটের উপর শান্তিপূর্ণ ভোট চলছে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে। দুপুর পর্যন্ত কালীগঞ্জে ভোট পড়ল ৩০.৬৭ শতাংশ। সকালবেলায় বৃষ্টির জেরে নানা বুথে ভোটার সংখ্যা কম দেখা যায়। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লম্বা লাইন দেখা যায়। বড় কোনও অশান্তির খবর এখনও মেলেনি।

এদিকে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে নিরাপত্তার বজ্র আঁটুনি দেখা গিয়েছে। আর নতুন নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন। যা দেখে অবাক জেলা পুলিশের শীর্ষ কর্তারা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে স্পর্শকাতর বুথের সংখ্যা ছিল মাত্র ১৭টি। এবারের উপনির্বাচনে সেটা বেড়ে হয়েছে ৬৩। এই সংখ্যা বৃদ্ধির নেপথ্যে আছে নির্বাচন কমিশনের নয়া নিয়ম। ওই নয়া নিয়ম অনুযায়ী, কোনও বুথের একজন বাসিন্দার বিরুদ্ধেও যদি গ্রেফতারের ওয়ারেন্ট থাকে এবং সে পলাতক থাকে তাহলে সেই বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত হবে। আর তাই ৩০৯টি বুথের মধ্যে ৬৩টি স্পর্শকাতর।

আরও পড়ুন:‌ ‘অনসাইট স্লাজ ডিওয়াটারিং ভেহিকল’ কিনল কলকাতা পুরসভা, ডেনমার্কের মেশিনে কী কাজ হবে?

অন্যদিকে কালীগঞ্জের উপনির্বাচনের শুরুতেই কয়েকটি বুথে অশান্তি হয় বলে উঠেছে অভিযোগ। নানা বুথে বিরোধী দলের এজেন্টদের বসতে বাধা দেওয়া হয়েছে বলে ওঠে অভিযোগ। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ১৭৭ নম্বর বুথে ইভিএম বিকল হয় বলে অভিযোগ প্রাক্তন বাম বিধায়কের। তবে এই সব অভিযোগের মাঝেই কালীগঞ্জে চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ পর্ব। সকালে ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ এবং বিজেপি প্রার্থী আশিস ঘোষ। সবকটি বুথেই নিশ্ছিদ্র নিরাপত্তা রয়েছে। ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ১৫০০ পুলিশ ফোর্স রয়েছে।

তাছাড়া বৃষ্টির জন্য প্রথম একঘন্টা ভোটারা আসতে পারেনি। কিন্তু বৃষ্টি থামতেই সকাল থেকেই পুরুষ ভোটাররা এসেছেন ভোট দিতে। ভোট দিয়ে তাঁরা কাজে যাবেন। মহিলারা তাঁদের বাচ্চাদের নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েন। ভোট দেওয়ার পর মুখে হাসি দেখা যায়। আর সময় যত গড়াচ্ছে তত শান্তির ভোট দেখা যাচ্ছে। বিরোধীরা যতই অপপ্রচার, অভিযোগ করুক ভোটারদের লম্বা লাইন অন্য কথাই বলছে। তৃণমূল কংগ্রেস বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুর পর শূন্য হয় কালীগঞ্জ আসন। উপনির্বাচনে এই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রয়াত বিধায়কের মেয়ে আলিফা আহমেদ। বিজেপি প্রার্থী আদি নেতা আশিস ঘোষ। বামেদের সমর্থনে কংগ্রেস প্রার্থী করেছে কাবিলউদ্দিন আহমেদকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *