Basirhat: ছেলে রয়েছেন সেখানে, ইরান ইজরায়েলের যুদ্ধে ঘুম উড়েছে বসিরহাটের রেজবি পরিবারের – Bengali News | Basirhat The son is there, the Rezbi family of Basirhat is losing sleep over the Iran Israel war
দুশ্চিন্তায় পরিবারImage Credit source: TV9 Bangla
বসিরহাট: ইরান ইজরায়েলের যুদ্ধে দুশ্চিন্তায় ঘুম উড়েছে বসিরহাটের সাঁকচূড়ার এক রেজবি পরিবারের। তাঁদের ছেলে সৈয়দ বাকির মাজলেসি রেজবি পড়াশুনোর জন্য ইরানে থাকেন। যুদ্ধের কারণে বিপাকে পড়েছেন তিনি। পরিবারের সঙ্গে এখন এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তাঁর। শেষ কথা হয়েছে বেশ কিছুদিন আগে। এখন রীতিমতো উদ্বিগ্ন তাঁর পরিবার। উদ্বিগ্ন সৈয়দ নিজেও। সামাজিক মাধ্যমে বিধায়কের মারফত মুখ্যমন্ত্রীর কাছে দেশে ফিরিয়ে আনার জন্য আর্জি জানিয়েছেন তিনি।
বসিরহাটের সাকচূড়ায় বাড়ি সৈয়েদ বাকির মাজলেসি রেজবি । পড়াশুনায় ছোট থেকেই মেধাবি । ফারসি ভাষায় ডক্টরেট করতে যান ইরানে । ইরানের কোম শহরে থেকে সেই পড়াশোনা করেন । গত দু’বছর সেখানেই থাকছেন।
এই মুহূর্তে ইরান এবং ইজরায়েলের যুদ্ধে ত্র্যস্ত পরিস্থিতি। ইরানে মোবাইলের নেটওয়ার্কের সমস্যা হওয়ায় বাড়ির সঙ্গে ঠিকমতন যোগাযোগ করতে পারছেন না তিনি। বাড়ির থেকে ফোন করেও যোগাযোগ করা যাচ্ছে না।
সৈয়দের দাদা বলেন, “ওর টিকিট কাটা ছিল। ২০ জুন বাড়ি আসার কথা। কিন্তু বিমান পরিষেবা বন্ধ। দূতাবাসের লোকজন ওদের সঙ্গে যোগাযোগও করছে। ভাইয়ের সঙ্গে দুদিন আগে কথা হয়েছে।” মা বললেন. “ভীষণ কষ্ট হচ্ছে। আমার ছেলেকে বাড়ি ফিরিয়ে দেওয়া হোক।”
সামাজিক মাধ্যমে সৈয়দের পোস্ট দেখে বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি বিষয়টা জানা মাত্রই মুখ্যমন্ত্রীর নজরে এনেছি। ওখান থেকে একজন সাংসদকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে আমরা ডিটেইলস পাঠিয়ে দিচ্ছি। স্বরাষ্ট্র দফতরের সঙ্গে কথা বলে সাহায্য করার চেষ্টা করবে।”
