Calcutta High Court: ‘বুঝতে পারছি না লুকানোর কী আছে?’, সরকারি কর্মীর করা মামলায় রাজ্যকে বড় নির্দেশ হাইকোর্টের – Bengali News | Calcutta high court: Justice Amrita Sinha has ordered the Pay Commission to publish its recommendations by July 1
বিচারপতি অমৃতা সিনহাImage Credit source: TV9 Bangla
কলকাতা: ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ১ জুলাই মধ্যে পে কমিশনের সুপারিশ প্রকাশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। রাজ্যের পে কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে সুপারিশ প্রকাশ করা হবে।
উল্লেখ্য, দেবপ্রসাদ হালদার নামে এক সরকারি কর্মী ষষ্ঠ পে কমিশন প্রকাশ করা নিয়ে মামলা করেন। তাঁর অভিযোগ ছিল, অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত কোনও তথ্য দেওয়া হয়নি। অথচ ডিএ মামলায় রাজ্য দাবি করছে, ষষ্ঠ পে কমিশন তাঁরা মেনে চলছে। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল।
এদিনের শুনানিতে বিচারপতি রাজ্যকে প্রশ্ন করেন, “কবে রিপোর্ট জনসমক্ষে বা পাবলিক ডোমেনে আসবে?” কিন্তু রাজ্যের তরফে কোনও সদুত্তর মেলেনি। এরপরই বিচারপতি নির্দেশ দেন, দিন ধার্য করে দেন। অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে কাজ করে ষষ্ঠ পে কমিশন।
এই মামলার বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, “পে কমিশনের সুপারিশ সরকারের কোনও গোপন নথি নয়। তাহলে কীসের এত গোপনীয়তা? এটা সমস্ত সরকারি কর্মচারীর জন্যই।” রাজ্যের আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেন, “নিজেদের কাছে কেন রেখেছেন এই রিপোর্ট। এত ভলিউমের রিপোর্ট বানিয়েছেন অথচ না প্রকাশ করলে কীসের যৌক্তিকতা?” বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, “আমি বোঝার চেষ্টা করছি এতে এত লোকানোর কী আছে?”
