Admission in College: কবে খুলছে কলেজে অনলাইনে আবেদনের পোর্টাল? জেনে নিন – Bengali News | Admission process in colleges will be started from June 18
কলকাতা: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের ১ মাস ১১ দিনের মাথায় কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। বুধবার (১৮ জুন) সকাল ১০টা থেকে অনলাইনে আবেদনের জন্য পোর্টাল খুলে দেওয়া হবে। প্রথম দফায় অনলাইনে আবেদন করা যাবে ১ জুলাই পর্যন্ত। একজন পড়ুয়া সর্বোচ্চ ২৫টি বিষয়ে আবেদন করতে পারবেন। এই বছর ১৭টি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ৪৬০ কলেজে ভর্তি প্রক্রিয়া চলবে। তবে সেন্ট্রালাইজড এই ভর্তি ব্যবস্থার বাইরে থাকছে প্রেসিডেন্সি, যাদবপুর এবং স্বায়ত্তশাসিত কলেজগুলি। আইন কলেজও এই ভর্তি প্রক্রিয়ার বাইরে থাকছে।
একবার মাত্র আবেদনের ভিত্তিতে পছন্দের একাধিক কলেজে আবেদনের সুযোগ পাচ্ছেন পড়ুয়ারা। প্রথম দফায় আবেদনের সময়সীমা পেরিয়ে যাওয়ার একটি নির্দিষ্ট সময়ের পর সব কলেজের সমস্ত বিষয়ে সিস্টেম জেনারেটেড মেধাতালিকা প্রকাশিত হবে এই পোর্টালে। প্রথম দফায় ভর্তির পর ফাঁকা আসনের ভিত্তিতে পুনরায় মেধাতালিকা প্রকাশ করা হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে অসুবিধায় পড়লে পড়ুয়াদের জন্য সহায়তা কেন্দ্রও খোলা হয়েছে। সহায়তা কেন্দ্রের নাম বীণা। পড়ুয়াদের জন্য একটি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। নম্বরটি হল-১৮০০১০২৮০১৪। বিকাশ ভবনের তরফে জানানো হয়েছে, OBC সংক্রান্ত মামলার প্রভাব এই ভর্তি প্রক্রিয়ায় পড়বে না।
গত ৭ মে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। কলেজে ভর্তি প্রক্রিয়া এখনও কেন শুরু হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠছিল। তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু কয়েকদিন আগেই জানিয়েছিলেন, যথাসময়ে কলেজে ভর্তির আবেদনের জন্য পোর্টাল খুলে দেওয়া হবে। যুক্তি দিয়ে তিনি বোঝান, গত বছর ১৯ জুন পোর্টাল খোলা হয়েছিল। ফলে ভর্তি প্রক্রিয়া শুরুর ক্ষেত্রে কোনও দেরি হয়নি। ১৯ জুনের আগেই পোর্টাল খোলা হবে বলে তিনি জানিয়েছিলেন। গত বছর ৪ লক্ষ ৪৪ হাজার ১৯০ জন ছাত্রছাত্রী কলেজগুলিতে ভর্তি হয়েছিলেন। এবার সেই সংখ্যা কত দাঁড়ায়, সেটাই দেখার।
