IIT খড়গপুরের ছাত্রের মৃত্যুর আগে ভিডিয়ো কলে কথা, দিল্লির তরুণীকে তলব পুলিশের - 24 Ghanta Bangla News
Home

IIT খড়গপুরের ছাত্রের মৃত্যুর আগে ভিডিয়ো কলে কথা, দিল্লির তরুণীকে তলব পুলিশের

Spread the love

আইআইটি খড়গপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মহম্মদ আসিফ কামারের রহস্যময় মৃত্যুর ঘটনায় নয়া মোড়। তদন্তে নেমে এবার দিল্লির এক তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল খড়গপুর টাউন থানার পুলিশ। সূত্রের খবর, মৃত্যুর কিছুক্ষণ আগেই ওই তরুণীর সঙ্গে ভিডিয়ো কলে কথা হয়েছিল ২২ বছর বয়সি আসিফের। তারপরেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই কারণে ওই তরণীকে তলব করেছে পুলিশ।

আরও পড়ুন: ফের IIT খড়গপুরে ছাত্রের রহস্য মৃত্যু, কেন বারবার এমন ঘটনা? গঠিত হচ্ছে কমিটি

গত ৪ মে, খড়গপুর ক্যাম্পাসের মদন মোহন মালব্য (এমএমএম) হলে নিজের ঘরেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় আসিফের দেহ। বিষয়টি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃত্যুর সময় এক তরুণীর সঙ্গে ভিডিয়ো কলে কথা বলে ছিলেন আসিফ। ওই তরুণী দিল্লিতে থাকেন। ঘটনার পর ওই তরুণী নিজেই আইআইটি-র নিরাপত্তা বিভাগকে আসিফের আত্মহত্যার কথা জানায়। তিনি জানান, ভিডিয়ো কলে থেকেই বিষয়টি জানতে পেরে আতঙ্কিত হয়ে আইআইটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। নিরাপত্তা আধিকারিকরা যখন তাঁর অবস্থান জানতে চান, তখন তিনি জানান যে তিনি দিল্লিতে আছেন এবং আসিফ এমএমএম হলের প্রথম তলায় রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ওই তরুণীর জুন মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত পরীক্ষা রয়েছে। তাই তিনি এ মাসের শেষে খড়গপুরে এসে পুলিশের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন। এই মৃত্যুর ঘটনা আইআইটি খড়গপুর ক্যাম্পাসে দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় ঘটনা ছিল। এর আগে ২০ এপ্রিল, চতুর্থ বর্ষের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র অনিকেত ওয়াকার মারা যান। তাঁর মৃত্যুর তদন্তও এখনও চলছে। অনিকেতের ভাই সুদীপ ওয়াকার শুক্রবার খড়গপুরে এসে পুলিশের সঙ্গে কথা বলেন। তিনি জানান, তদন্তে এখনও বিশেষ অগ্রগতি হয়নি। ছাত্ররা ছুটিতে থাকায় পুলিশ অনেকের সঙ্গেই এখনও কথা বলতে পারেনি।

শনিবার সুদীপ ক্যাম্পাসে ভারপ্রাপ্ত পরিচালক অমিত পাত্র অথবা ছাত্র বিষয়ক ডিন ভর্গব মৈত্রের সঙ্গে দেখা করার কথা জানান। তিনি জানান, ক্যাম্পাসে পরপর ছাত্রমৃত্যুর ঘটনায় একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তবে এখনও সুদীপ কোনও অগ্রগতি সম্পর্কে জানতে পারেননি। তিনি জানিয়েছেন, তদন্ত চলছে, এবং সময় মতো তাঁকে জানানো হবে বলে কর্তৃপক্ষের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *