এটিএম ভেঙে লক্ষ-লক্ষ টাকা লুট, ৪০ কিমি পর্যন্ত ধাওয়া পুলিশের, অধরা দুষ্কৃতীরা - 24 Ghanta Bangla News
Home

এটিএম ভেঙে লক্ষ-লক্ষ টাকা লুট, ৪০ কিমি পর্যন্ত ধাওয়া পুলিশের, অধরা দুষ্কৃতীরা

Spread the love

গভীর রাতে লুটের ঘটনা ঘটল ময়নাগুড়িতে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে লক্ষ-লক্ষ টাকা লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা। খবর পেয়ে প্রায় ৪০ কিমি দূর পর্যন্ত গাড়ি নিয়ে দুষ্কৃতীদের পিছু ধাওয়া করল পুলিশ। তবে শেষমেষ খালি হাতেই ফিরতে হয় পুলিশকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ময়নাগুড়ি ব্লকের বোলবাড়ি বাজার এলাকায়।

আরও পড়ুন: শুধু একটা গ্যাস কাটার! তা দিয়েই ATM কেটে ৩৮ লক্ষ টাকা ‘আপন’ করে নিয়ে গেল চোরের দল!

জানা গিয়েছে, ময়নাগুড়ি-লাটাগুড়ি জাতীয় সড়কের পাশে থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে হানা দেয় দুষ্কৃতীরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে তিন থেকে চার জন দুষ্কৃতী এটিএম মেশিন ভাঙচুর করে প্রায় ৫৪ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। জানা গিয়েছে, সেই সময় ওই এটিএমে কোনও নিরাপত্তারক্ষী ছিল না।দুষ্কৃতীদের দেখে সন্দেহ হওয়ায় এক স্থানীয় বাসিন্দা ময়নাগুড়ি থানায় খবর দেন। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও ততক্ষণে গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছে অভিযুক্তরা। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ওই গাড়ি বৈকুণ্ঠপুরের দিকে যায়। এরপর শুরু হয় পিছু ধাওয়া। গাড়ি নিয়ে দুষ্কৃতীদের পিছনে ছুটতে থাকে পুলিশ। প্রায় ৪০ কিমি পেরিয়ে গজলডোবার গভীর জঙ্গলে পৌঁছায় পুলিশ। সেখানে একটি দামি গাড়ি পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে গাড়ির মধ্যে কেউ ছিল না।

পুলিশের অনুমান, তাড়া খেয়ে দুষ্কৃতীরা গাড়ি ছেড়ে জঙ্গলের ভিতর দিয়ে পায়ে হেঁটে পালিয়ে গিয়েছে। তাঁদের খোঁজে জঙ্গলে তল্লাশি অভিযান চলছে। ড্রোন উড়িয়ে তাদের হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

এদিকে, কত টাকা লুট হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, ওই এটিএমে প্রতিদিন মোটা অঙ্কের লেনদেন হয়, ফলে লুটের পরিমাণও উল্লেখযোগ্য হতে পারে। প্রাথমিকভাবে অনুমান, ৫৪ লক্ষ টাকার কাছাকাছি লুট করা হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ভিন রাজ্যের কোনও দুষ্কৃতী দল এর সঙ্গে জড়িত কিনা, তা জানার চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *