Calcutta High Court: ‘যে কোনও করদাতা ভাতা সম্পর্কে প্রশ্ন তুলতেই পারেন’, হাইকোর্টে সওয়াল শামিমের – Bengali News | Hearing of SSC sacked teachers financial aid case in calcutta high court
কলকাতা: চাকরিহারাদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে যাঁরা কাজ করতেন, তাঁদের যথাক্রমে ২০ হাজার ও ২৫ হাজার টাকা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। আর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। শুক্রবার শেষ হল সেই মামলার শুনানি। রায়দান স্থগিত রাখা হয়েছে।
মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম এদিন সওয়াল করেন, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে ওই কর্মীদের। সেই নির্দেশের অন্য মানে করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। আইনজীবীর বক্তব্য, শীর্ষ আদালতের নির্দেশ রয়েছে, এমন বিষয়ে আইনসভা বিপরীত সিদ্ধান্ত নিতে পারে না।
অন্যদিকে, রাজ্য এদিন মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। তাদের বক্তব্য, ভাতা দেওয়ার সিদ্ধান্তে মামলাকারীদের কী স্বার্থ জড়িয়ে রয়েছে? তাঁরা কেন ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবেন? জবাবে আইনজীবী ফিরদৌস শামিমের যুক্তি, কর দেন এমন যে কোনও নাগরিকরা ভাতা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করতে পারেন। জনগণের টাকা কোথায় খরচ হচ্ছে তা জানার অধিকার সবার রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। ফলে মামলাকারীদের স্বার্থও জড়িত।
দু’পক্ষের বক্তব্য শুনে শুনানি শেষ করেন দেন বিচারপতি সিনহা। এর আগে এই মামলার রায় স্থগিত রাখেন বিচারপতি অমৃতা সিনহা।