চুরির পর দরজা বাইরে থেকে তালাবন্ধ, মুচিপাড়ায় বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুন, তদন্তে পুলিশ - 24 Ghanta Bangla News
Home

চুরির পর দরজা বাইরে থেকে তালাবন্ধ, মুচিপাড়ায় বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুন, তদন্তে পুলিশ

Spread the love

বাড়ির দরজা বাইরে থেকে তলাবন্ধ। আর তালা ভাঙতেই উদ্ধার হল বৃদ্ধার দেহ। ঘর ছিল লণ্ডভণ্ড অবস্থায়। বুধবার সন্ধ্যায় মুচিপাড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ১০/১ সার্পেন্টাইন লেনে বৃদ্ধার মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, চুরির উদ্দেশ্যে খুন করা হয়েছে বৃদ্ধাকে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। মৃতার নাম নমিতা পাল, বয়স প্রায় সত্তর বছর।

আরও পড়ুন: উত্তরপাড়ায় ভয়ঙ্কর কাণ্ড স্ত্রী, শিশু কন্যাকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নমিতা বহু বছর ধরে একাই থাকতেন ওই বাড়িতে। তাঁর দুই পুত্র অনেক আগেই মারা গিয়েছেন। প্রতিবেশীরা জানান, সারাদিন বাড়ির দরজায় তালা ঝুলতে দেখে সন্দেহ হয়। বারবার ডাকাডাকির পরও সাড়া না পেয়ে শেষমেশ থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘরের তালা ভেঙে প্রবেশ করতেই বৃদ্ধার দেহ পড়ে থাকতে দেখে। ঘরের ভেতরের অবস্থাও বিশৃঙ্খল অবস্থায় ছিল। জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। মেঝেজুড়ে বিশেষ করে কিছু ছোট প্যাকেট চোখে পড়ে, যেগুলো সাধারণত নগদ অর্থ বা গয়না রাখার জন্য ব্যবহার করা হয়।

তদন্তকারী অফিসারদের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে বৃদ্ধাকে। অনুমান, সম্ভবত গামছা বা কাপড় ব্যবহার করা হয়েছিল এই কাজে। তবে ঘটনার পিছনে একজন না একাধিক ব্যক্তি রয়েছে, তা এখনই নিশ্চিত করা যাচ্ছে না। তবে খুনের পিছনে চুরির উদ্দেশ্য স্পষ্ট, এমনটাই মনে করছেন গোয়েন্দারা। ঠিক কী কী জিনিস খোয়া গিয়েছে, তা এখনও নিশ্চিত নয়। তবে হত্যার ধরন ও এলোমেলো ঘর থেকে আন্দাজ করা যাচ্ছে মূল্যবান কিছু চুরি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাতে কেউ টের না পায়, তার জন্য দরজা বাইরে থেকে তালা বন্ধ করে দিয়েছিল দুষ্কৃতীরা।

এই ঘটনার তদন্তে নেমেছে মুচিপাড়া থানার পুলিশের পাশাপাশি লালবাজারের হোমিসাইড বিভাগের গোয়েন্দারাও। এলাকায় থাকা সমস্ত নজরদারি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে, যাতে দুষ্কৃতীদের গতিবিধি ধরা পড়ে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় খুন ও লুটপাটের ধারায় মামলা রুজু হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। স্থানীয় কাউন্সিলর সজল ঘোষ বলেন, শহরে এভাবে একাকী বৃদ্ধারা যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে পুলিশকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *