ISF-TMC: নওশাদ শিবিরে ফের রক্তক্ষরণ, চওড়া হাসি শওকতের! ISF ছেড়ে TMC-তে যোগদান শতাধিক কর্মীর – Bengali News | More than a hundred workers left Naushad’s ISF and joined Trinamool before the assembly elections
রাজনৈতিক মহলে জোরদার চর্চা Image Credit source: Social Media
ভাঙড়: বেজে গিয়েছে বিধানসভা ভোটের দামামা। যদিও বেশ কিছু সময় আগে থেকেই ভোটের জল মাপতে শুরু করে দিয়েছে সব দলই। এরইমধ্যে আবার আবার কালীগঞ্জে হচ্ছে উপনির্বাচন। তাতেই যেন ভোটের উত্তাপ এক্কেবারে আরও চড়ে গিয়েছে। এবার এরইমধ্যে ভাঙড়ে রক্তক্ষরণ আইএসএফের। আইএসএফ ছেড়ে তৃণমূলে চলে গেলেন শতাধিক কর্মী। রবিবার সকালে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চল থেকে প্রায় শতাধিক আইএসএফ কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন।
প্রসঙ্গত, বিগত কয়েক মাসে ভাঙড়ে বারবার দেখা গিয়েছে দলবদলের ছবি। কখনও তৃণমূল থেকে আইএসএফে, আবার কখনও আইএসএফ থেকে তৃণমূলে। দলবদলের খেলা চলেইছে। তবে বিগত কয়েক মাসের ছবি বলছে দলবদলের খেলায় নওশাদকে গোল দিয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত। এবার ফের আইএসএফে ধরিয়ে দিলেন ভাঙন।
তৃণমূলের দাবি, ভাঙড় ২ ব্লকের চালতাবেড়িয়া অঞ্চল থেকে আইএসএফ কর্মীরা এলাকার উন্নয়নের স্বার্থেই তৃণমূলে যোগ দিয়েছেন। শওকত বলেন, “কোনওরকম চাপ বা ভয় দেখিয়ে এদের দলে টানা হয়নি। স্বেচ্ছায় তাঁরা তৃণমূলে এসেছেন।” এরপরই আইএসএফের তুলোধনা করে বলেন, আইএসএফ ভাঙড়ে কোনও কাজ করতে পারেনি, এলাকার কোনও উন্নয়ন হয়নি। এমনকি বিধায়ক নওশাদ সিদ্দিকীকেও এলাকায় দেখা যায় না। তাই আইএসএফ কর্মীরা এলাকার মানুষের স্বার্থেই তৃণমূলে যোগ দিয়েছেন।
এদিন পানাপুকুর গ্রামের ১৬৬ নম্বর বুথের দুই দাপুটে নেতা রেজাউল মোল্লা ও হাফিজুল মোল্লার নেতৃত্বে শতাধিক কর্মী তৃণমূলে যোগ দেয়। বলছে শাসকদলই। যদিও তৃণমূলের দাবি মানতে নারাজ আইএসএফ। আইএসএফের পক্ষ থেকে এই অভিযোগ খারিজ করে জেলা পরিষদ সদস্য রাইনুর হক জানান, ওই বুথের সদস্য আজহারউদ্দিন আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন। হাফিজুল সক্রিয় কর্মী হলেও পারিবারিক ও জমি সংক্রান্ত বিবাদে জড়িয়ে গিয়েছিল। তাই পুলিশ ও তৃণমূলের চাপে তৃণমূলে যোগ দিয়েছে হাফিজুল। এতে তাঁদের ভোট ব্যাঙ্কে কোনও প্রভাবই পড়বে না বলে তাঁর মত। তাঁর আরও দাবি, ভোটের সময় এই ছেলেগুলই আইএসএফকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবে।