Gangarampur: দোকান ঢুকে খুনের হুমকি, তোলাবাজির অভিযোগ, প্রকাশ্যে ফুটেজ! – Bengali News | Gangarampur Murder threats, extortion allegations, footage released in public!
প্রকাশ্যে সিসিটিভি ফুটেজImage Credit source: TV9 Bangla
গঙ্গারামপুর: আগ্নেয়াস্ত্র নিয়ে দোকানে তোলাবাজি ও দোকানে ঢুকে বন্দুক ঠেকিয়ে খুনের হুমকির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। ইতিমধ্যেই আগ্নেয়াস্ত্র নিয়ে দোকান করে ঘোরার সিসিটিভি ফুটেজ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনা জানাজানি হতেই শোরগোল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কাদিঘাট এলাকায়। আগ্নেয়াস্ত্র বের করে দোকানের কর্মচারীদের হুমকির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার দুপুরে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকান মালিক। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই দোকানে হামলা করেছেন বলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন গঙ্গারামপুরের বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। যদিও পুরো বিষয় খতিয়ে দেখে দলীয় ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতা শঙ্কর সরকার।
জানা গিয়েছে, গঙ্গারামপুরের কাদিঘাট এলাকায় রয়েছে একটি আরসিএম প্রোডাক্টের দোকান। আরসিএম দোকান মালিকের অভিযোগ, শনিবার দুপুরে হঠাৎ দোকানে দুই দুষ্কৃতী হামলা করা হয়। আচমকায় কোমর থেকে আগ্নেয়াস্ত্র বের করে দোকানের কর্মচারীর মাথায় ঠেকিয়ে দোকান মালিককে দেখা করতে বলেন। সেই সময় দোকান মালিক না থাকায় পরে আসবেন বলে ওই দুষ্কৃতীরা বলে যান কর্মচারীকে।
এদিকে পুরো বিষয় নিয়ে রবিবার দুপুরে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকান মালিক নিরঞ্জন দাস। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই দোকানে হামলা চালিয়েছেন বলে সিসিটিভি ক্যামেরা ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। এদিকে অভিযোগ পেতেই ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর থানার পুলিশ। এদিকে পুলিশ তল্লাশি চালিয়ে দুটি তাজা কার্তুজ উদ্ধার করেছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত দুষ্কৃতীদের কেউ ধরা পড়েনি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর।
এবিষয়ে বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বলেন, এলাকায় আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অন্যদিকে তৃণমূলের ব্লক সভাপতি শংকর সরকার বলেন, “ঘটনাটি দুঃখজনক। তবে পুলিশ তাদের কাজ করছে। খুব শীঘ্রই দোষীরা ধরা পড়বে।” অন্যদিকে মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। দুটি তাজা গুলি উদ্ধার হয়েছে। আমরা খুব দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করব।”
