Santoshpur: উল্টো ঝুলিয়ে দেওয়া হয়েছিল বিদ্যুতের শক, ৭ দিন ধরে নিখোঁজ সেই কিশোর – Bengali News | One youth harassed by some men in santoshpur
বাঁদিকে শাহেনশাহ, ডানদিকে নাবালকের দাদাImage Credit source: Tv9 Bangla
কলকাতা: মোবাইল চুরির অভিযোগে ইসলামপুরের নাবালককে উল্টো ঝুলিয়ে বিদ্যুতের শক দেওয়ার অভিযোগ। ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত। যদিও, কারখানার মালিক শাহেনশাহ এখনও অধরা। শুধু তাই নয়, ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও খোঁজ মিলছে না ওই কিশোরের। রীতিমতো দুশ্চিন্তায় পরিবার।
নিখোঁজ ওই কিশোরের পরিবারের দাবি, শাহেনশাহ তাঁদের হুমকি দিয়ে বলেছিল ২ লক্ষ টাকা ও ফোন দিলে কিশোরকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু তাকে ছাড়া হয়নি। এলাকাবাসী সূত্রে খবর, উত্তরবঙ্গ থেকে নাবালকদের নিয়ে এসে এই শাহেনশাহ নিজের কারখানায় কাজ করাতেন। নিখোঁজ এই কিশোরের দাদাও শাহেনশাহের কারখানায় কাজ করতেন। কিশোরে স্কুলে গরমের ছুটি পড়েছিল। অভিযোগ, কারখানার মালিক তাকে প্রতিমাসে আট থেকে দশ হাজার টাকার প্রলোভন দেখিয়ে নিয়ে এসেছিল কাজে। কিশোরের দাদার দাবি, যখন মাসিক বেতন দেওয়ার সময় আসে তখনই এমন মিথ্যে অপবাদ দিয়ে ভাইকে ফাঁসানো হয়, যাতে টাকা না দিতে হয়।
নিখোঁজের আত্মীয় বলেন, “আমার বাবা অসুস্থ। বোনের সদ্য বিয়ে দিয়েছি। টাকা রোজগারের জন্য আসতে হয় এখানে। আমরা তো গরিব। তাও ভাইকে আমরা বারণ করেছিলাম এখানে না আসতে। কিন্তু টাকার জন্য লুকিয়ে চলে আসে।” তিনি এও জানান, এই শাহেনশাহ হল তাঁদের দূঃসম্পর্কের আত্মীয়। তাই অতটাও কিছু সন্দেহ করেননি। তিনি বলেন, “কিন্তু বুঝতে পারিনি ভাইকেই আর পাব না। আমরা যখন জানতে পারি ভাইকে মারধর করা হয়েছে তখন সঙ্গে সঙ্গে গিয়ে থানায় জানাই।”
উল্লেখ্য, শুক্রবার ঘটনার দিন কারখানায় মোস্তাফা কামাল ও তৌহিদ আলম ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। তবে ধৃতদের বয়ানে অসঙ্গতি রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
