Virat Kohli: অধরা মাধুরী লাভ করেই বিরাট কোহলির মুখে আইপিএল অবসরের কথা, বলে দিলেন… - Bengali News | Virat Kohli Says No To IPL Impact Player Role and he Makes Retirement Declaration after RCB became IPL champion - 24 Ghanta Bangla News
Home

Virat Kohli: অধরা মাধুরী লাভ করেই বিরাট কোহলির মুখে আইপিএল অবসরের কথা, বলে দিলেন… – Bengali News | Virat Kohli Says No To IPL Impact Player Role and he Makes Retirement Declaration after RCB became IPL champion

Spread the love

Virat Kohli: অধরা মাধুরী লাভ করেই বিরাট কোহলির মুখে আইপিএল অবসরের কথা, বলে দিলেন…Image Credit source: BCCI

কলকাতা: কতটা পথ পেরোলে সাফল্য ধরা দেয়? কতটা পথ পেরোলে সকল যন্ত্রণার আসল ফল মেলে? কতটা পথ পেরোলে শত কষ্টের পর মুখে হাসি ফোটে? এই সকল প্রশ্নের এক্কেবারে খাঁটি উত্তর এখন দিতে পারবেন একজন। সেই তিনি বিরাট কোহলি। আইপিএলের জন্মলগ্ন থেকে আরসিবিতে খেলছেন বিরাট। দলকে অত্যন্ত জনপ্রিয়তা এনে দিয়েছেন, কিন্তু এতদিন তিনি যেটা পারেননি, তা হল দলকে ট্রফি দিতে। এ বার সেই অপ্রাপ্তিও প্রাপ্তিতে পরিণত করেছেন। ১৮তম আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি। আর স্বাভাবিক ভাবেই এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে বিরাট। সেই সঙ্গে উঠে আসছে তাঁর অবসর প্রসঙ্গও। চ্যাম্পিয়ন হয়ে সেই নিয়ে মুখ খুলেছেন বিরাট। কী জানালেন কিং কোহলি। 

৩ জুন, দিনটা বিরাট কোহলির কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর দীর্ঘদিনের স্বপ্নপূরণের রাত স্মরণীয় হয়ে থাকারই কথা। এ বার প্রশ্ন হল আইপিএলকে এখনই বিদায় জানিয়ে দেবেন না তো কোহলি? অনেকের মনে সেই আশঙ্কা দেখা দিচ্ছে। দেশের হয়ে টি-২০ বিশ্বকাপ জেতার পর তিনি ওই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন। কয়েকদিন আগে টেস্ট ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করেছেন। যার ফলে অনেকের মনে দানা বাঁধছে যে, এ বার পাছে না কোহলি আইপিএল থেকেও নিজেকে সরিয়ে নেন!

আইপিএল চ্যাম্পিয়ন হয়ে বিরাট কোহলি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আগামীতে তিনি আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নয়, পুরো ম্যাচেই খেলতে চান। বিরাট বলেন, ‘একটা কথা বলতে চাই আমি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারব না। ২০ ওভারই আমি ফিল্ডিং করতে চাই এবং মাঠে দাগ কেটে যেতে চাই। আমি বরাবরই ওইরকম প্লেয়ার। আর ঈশ্বর আশীর্বাদ হিসেবে আমাকে সেইরকম দৃষ্টিভঙ্গি, তেমন প্রতিভা দিয়েছেন। আমি যতটা সম্ভব ঠিক ততটা পরিশ্রম বরাবর করে যেতে চাই।’

এখনই অবসর নয়, এ কথা সরাসরি না বললেও বুঝিয়ে দিয়েছেন কিং কোহলি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক বেশি বছর ধরে এই খেলা চালিয়ে যাওয়ার সুযোগ আমার নেই। আসলে আমাদের তো কেরিয়ার শেষের একটা দিন রয়েছে। আমি যখন নিজের বুটজোড়া তুলে রাখব, তখন বাড়িতে বসে এটাই বলতে চাই যে, আমার মধ্যে যা ছিল, পুরোটা আমি উজাড় করে দিয়েছি। তাই কীভাবে নিজেকে আরও ভালো করে তোলা যায়, বরাবর আমি সেদিকে নজর দিই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *