Panihati: বাম আমল থেকেই একচ্ছত্র আধিপত্য, সেনার অস্ত্র ভাণ্ডারের মালিক তৃণমূল কর্মী নেপালি আসলে কে? – Bengali News | Panihati Who is the Trinamool activist Nepali, who has had absolute dominance since the Left era
উত্তর ২৪ পরগনা: পানিহাটিতে তৃণমূল কর্মী নইম আলি-র বাড়িতে অস্ত্রভাণ্ডার। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। বাড়ি থেকে উদ্ধার হয়েছে এমন কিছু অস্ত্র, যা মূলত ভারতীয় সেনা ব্যবহার করে থাকেন। আর সেই অস্ত্র নাকি ভাড়ায় খাটাতেন নইম। জেরায় এমনটাই জানতে পেরেছে পুলিশ। কিন্তু প্রশ্ন হচ্ছে কারা সেই অস্ত্র তাঁর কাছ থেকে ভাড়া নিতেন?
বছর পঞ্চান্নর প্রৌঢ় নইম আলি। এলাকায় পরিচিত তৃণমূল কর্মী হিসাবেই। কিন্তু বাম আমল থেকে তিনিই নাকি এলাকায় নেপালি বলে পরিচিত ছিলেন। মঙ্গলবার বিশেষ সূত্রে খবর পেয়ে তাঁর বাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। যে পরিমাণ অস্ত্র উদ্ধার হয়, তাতে চক্ষু চড়কগাছ দুঁদে তদন্তকারীদের। দুষ্কৃতীদের আগ্নেয়াস্ত্র ভাড়ায় দিতেন নইম আলি আনসারি। তাঁর কয়েকজন সাগরেদও রয়েছে। একটা টিম তৈরি করে কাজ করতেন নইম। জানা যাচ্ছে, সেই বাম আমল থেকেই তিনি এই কাজ করে যাচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এত দেরিতে খবর পেল পুলিশ?
বাম আমল থেকেই কামারহাটি, খড়দহ, টিটাগড়, সোদপুর, পানিহাটি এলাকায় একচ্ছত্র আধিপত্য চালিয়েছেন এই নইম আলি ওরফে নেপালি। যখন তৃণমূল ক্ষমতায় এল, তখন তিনি তাঁর রাজনৈতিক পরিচয়ও বদলে ফেলেন। অভিযোগ উঠেছে, নইমের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তৃণমূল কাউন্সিলরেরও।
বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা বলেন, “কোথা থেকে এত বিপুল পরিমাণ অস্ত্র জোগাড় করেছিল, কাদের দিত, এসব কিছুই দেখা হচ্ছে। তদন্ত চলছে।” আপাতত ১০ দিনের পুলিশের হেফাজতে রয়েছেন নেপালি। তাঁর কাছ থেকে পুলিশ জানার চেষ্টা করছেন. ঠিক কত টাকায় কাদের অস্ত্র ভাড়া দিতেন নেপালি!
