Calcutta High Court: ‘অমান্য করা হয়েছে সুপ্রিম কোর্টের রায়’, SSC-র নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে – Bengali News | Calcutta high court: ‘Supreme Court verdict has been ignored’, case filed in High Court challenging SSC’s new notification
কলকাতা: এসএসসি-র নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ। হাইকোর্টে মামলার আর্জি। মামলাকারীর বক্তব্য, আইন মোতাবেক নতুন রুল তৈরি হয়নি, যা শীর্ষ আদালতের রায়কে অমান্য করা। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। আগামী ৫ জুন শুনানি।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩১ মে’র আগেই নতুন করে চাকরির পরীক্ষীর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সাধারণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে বয়স ২১ বছর থেকে ৪০ বছর হতে হবে। তবে ওবিসি, এসসি, এসটি এবং শারীরিক প্রতিবন্ধীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে। ২০১৬ সালের এসএসসি-র প্যানেলের চাকরিহারাদের মধ্যে যাঁদের পরীক্ষায় বসার বয়সসীমা পেরিয়ে গিয়েছে, তাঁদের ক্ষেত্রে বয়সসীমায় ছাড় দেওয়ার কথা উল্লেখ রয়েছে। পরীক্ষায় বসার ন্যূনতম যোগ্যতাসম্পন্ন যেকোনও ভারতীয় চাকরিপ্রার্থী পরীক্ষায় বসতে পারবেন। পুরুষ চাকরিপ্রার্থীদের মেয়েদের স্কুলে নিয়োগ করা হবে না।
আগামী ১৬ জুন বিকেল ৫টা থেকে অনলাইনে আবেদন জানানো যাবে। লিখিত পরীক্ষা হতে পারে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। লিখিত পরীক্ষার ফল প্রকাশ হবে অক্টোবরের চতুর্থ সপ্তাহে। কিন্তু এসবের মধ্যে নতুন এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে।
উল্লেখ্য, চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা প্রথম থেকেই দাবি করে আসছিলেন, তাঁরা এই পরীক্ষায় বসবেন না। এদিকে, আইনজীবী ফিরদৌস শামিম একটা আভাস দিয়ে রেখেছিলেন, যদি চাকরিহারাদের বাড়তি কোনও সুযোগ দেওয়া হয় অর্থাৎ বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে যদি ছাড় দেওয়া হয়, সেক্ষেত্রে নতুন করে মামলা হওয়ার অবকাশ থাকছেই। এই পরিস্থিতিতে আবারও মামলা।