ওয়াকফ বিলে খড়্গহস্ত, সেই তৃণমূলেরই নেতার বিরুদ্ধে পিরের সম্পত্তি দখলের অভিযোগ - 24 Ghanta Bangla News
Home

ওয়াকফ বিলে খড়্গহস্ত, সেই তৃণমূলেরই নেতার বিরুদ্ধে পিরের সম্পত্তি দখলের অভিযোগ

Spread the love

ওয়াকফ সংশোধনী বিল কার্যকর হলে মুসলিমদের সম্পত্তি সরকার দখল করে নেবে বলে দাবি করে যখন গোটা দেশ মাথায় করছে তৃণমূল তখন তাদেরই ব্লক সভাপতির বিরুদ্ধে পিরের সম্পত্তি দখলের অভিযোগ। বিরোধী দলের কোনও নেতা-কর্মী নন, এই অভিযোগ করেছেন এক তৃণমূল নেতাই। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। অভিযুক্ত তৃণমূলের ব্লক সভাপতি আখতারউদ্দিন মণ্ডলের দাবি, ব্যক্তিগত আক্রোশের জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে।

মুর্শিদাবাদের হরিহরপাড়ার তাদপুর গ্রামের বাসিন্দা তৃণমূল নেতা সফিকুল ইসলামের দাবি, তৃণমূলের হরিহরপাড়া ব্লক সভাপতি আখতারউদ্দিন তাদপুর গ্রামের একটি পিরের সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছেন। রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে BLLRO অফিসের কর্মীদের ওপর প্রভাব খাটিয়ে এই কাজ করেছেন তিনি। এই অভিযোগ নিয়ে সোমবার হরিহরপাড়া BLLRO অফিসে স্মারকলিপি দেন স্থানীয় বিধায়ক নিয়ামত শেখের ঘনিষ্ঠ বলে পরিচিত সফিকুল। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন BLLRO.

এর পর সাংবাদিকদের সফিকুল বলেন, ‘এতে স্পষ্ট যে ব্লক সভাপতি একজন দুর্নীতিগ্রস্ত মানুষ। তৃণমূলে দুর্নীতিগ্রস্তদের কোনও জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা অনুরোধ করব ওনাকে বার করে দিন। আমরা দলে আরও ভালো লোক আনব।’ পালটা আখতারউদ্দিন বলেন, ‘উনি কংগ্রেস করতেন। সম্প্রতি তৃণমূলে যোগদান করেছেন। ওনার অনেক আগে থেকে আামর প্রতি ব্যক্তিগত আক্রোশ ছিল। সেই আক্রোশ থেকে উনি এই অভিযোগ করছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *