পর্যাপ্ত শিক্ষক নেই স্কুলে, বন্ধ একাদশে ভর্তি! হতাশ পড়ুয়া-অভিভাবকরা - 24 Ghanta Bangla News
Home

পর্যাপ্ত শিক্ষক নেই স্কুলে, বন্ধ একাদশে ভর্তি! হতাশ পড়ুয়া-অভিভাবকরা

Spread the love

সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে ২০১৬ সালের এসএসসিতে চাকরি পাওয়া শিক্ষকদের। নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু, পরীক্ষায় বসতে নারাজ চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা। ফলে এনিয়ে আন্দোলন অব্যাহত রয়েছে। তবে একসঙ্গে এত শিক্ষকের চাকরি যাওয়ায় রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক সংকট দেখা দিয়েছে। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে স্কুলগুলিকে। এবার একাদশে ভর্তি নিয়ে উদ্বেগজনক সিদ্ধান্ত নিল আসানসোলের একটি স্কুল। কুলটির বরাকর এলাকায় অবস্থিত শ্রী মারোয়ারি বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে আর কোনও পড়ুয়াকে ভর্তি নেওয়া হবে না। কারণ? শিক্ষকসংকট। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: কালীঘাটে ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা, ফিরতে হল চাকরিহারা শিক্ষকদের

বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নতুন করে কোনও ছাত্রছাত্রীকে ভর্তি করা সম্ভব নয়, কারণ শিক্ষক সংখ্যা অত্যন্ত কম। বর্তমানে বিদ্যালয়ে মাত্র ১২ জন শিক্ষক রয়েছেন, যেখানে অন্তত ৩৬ জন শিক্ষকের প্রয়োজন। এর মধ্যে সুপ্রিম কোর্টের রায়ের জেরে আরও দু’জনের চাকরি বাতিল হয়ে গিয়েছে। যদিও ওই দুই শিক্ষক ডিসেম্বর পর্যন্ত স্কুলে ক্লাস করাবেন বলে জানা গিয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপিক রায় জানিয়েছেন, শিক্ষক ঘাটতির বিষয়টি জেলা শিক্ষা দফতরকে জানানো হয়েছে। তবে স্কুল পরিচালন কমিটির তরফে বিষয়টি খতিয়ে দেখে কোনও বিকল্প ব্যবস্থা নেওয়া যায় কি না, তা বিবেচনা করা হবে বলেও জানান তিনি। জানা যাচ্ছে, স্কুলে বাংলা ও হিন্দি—দু’টি মাধ্যমেই পড়ানো হয় এবং বর্তমানে পড়ুয়ার সংখ্যা প্রায় ১২০০। কিন্তু, একাদশ শ্রেণির ভর্তি বন্ধ হওয়ায় বিপাকে পড়েছে এলাকার মাধ্যমিক পাস ছাত্রছাত্রীরা। অভিভাবকরা উদ্বিগ্ন। হঠাৎ করে এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ অভিভাবকদের একাংশ।

এ নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। স্থানীয় বিজেপি বিধায়ক অজয় পোদ্দারের কটাক্ষ, শিক্ষার হাল রাজ্যজুড়ে করুণ। তাঁর বাবা এই বিদ্যালয়ের প্রাক্তনী। সেই স্কুলে একাদশ শ্রেণির পাঠই বন্ধ হয়ে যাচ্ছে! বিষয়টি তিনি বিধানসভায় তুলে ধরবেন বলে জানান। জেলা স্কুল শিক্ষা পরিদর্শক সৌমেন লাহা জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস ফের চালু করা যায় কি না, তা খতিয়ে দেখা হবে স্কুল কাউন্সেলিংয়ের সঙ্গে আলোচনা করে। তিনি জানান, এখনও একাদশ শ্রেণিতে ভর্তি শুরু হওয়ার সময় রয়েছে। ফলে, কোনও পড়ুয়ার অসুবিধা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *