পরকীয়ার জেরে খুন, দেওয়াল ভেঙে উদ্ধার ঠিকাদারের দেহ - 24 Ghanta Bangla News
Home

পরকীয়ার জেরে খুন, দেওয়াল ভেঙে উদ্ধার ঠিকাদারের দেহ

Spread the love

দক্ষিণ দিনাজপুরের তপনে স্কুল শিক্ষকের বাড়ির দেওয়ার ভেঙে উদ্ধার ঠিকাদারের দেহ। এই ঘটনায় স্কুল শিক্ষকের স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন হয়েছেন সাত্তার নামে ওই ঠিকাদার।

জানা গিয়েছে, মালদার পুখুরিয়া থানা এলাকার বাসিন্দা ওই ঠিকাদারের ব্যবসার হিসাব দেখভাল করতেন দক্ষিণ দিনাজপুরের তপনের বাসিন্দা ওই শিক্ষক ও তাঁর স্ত্রী। তাঁদের কাছে প্রচুর টাকা রাখতেন ওই ঠিকাদার। স্কুল শিক্ষকের স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল ঠিকাদার সত্তারের।

পরিবারের তরফে জানা গিয়েছে, দিন কয়েক আগে প্রায় ২৫ লক্ষ টাকা নিয়ে বাড়ি থেকে বেরোন ওই ঠিকাদার। এর পর তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। এর পর পুলিশের দ্বারস্থ হয় পরিবার। তাতেও কোনও ফল না মেলায় মন্ত্রী সাবিনা ইয়াসমিনের দ্বারস্থ হন তাঁরা। এর পর পুলিশ ওই স্কুল শিক্ষক ও তাঁর স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।

জেরায় তাঁরা খুনের কথা স্বীকার করে নেন। জানান বাড়িতে দেওয়ালের পিছনে ঠিকাদারের দেহ গেঁথে দিয়েছেন তাঁরা। সোমবার সেখানে অভিযান চালিয়ে ঠিকাদারের দেহ উদ্ধার করে পুলিশ।

অভিযুক্ত মহিলার দাবি, তাঁকে যৌন নিগ্রহ করতেন ওই ঠিকাদার। এমনকী তাঁর প্রস্তাবে রাজি না হলে স্বামী ও সন্তানকে খুনের হুমকি দিতেন। তার জেরেই গলা কেটে ওই ঠিকাদারকে খুন করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *