'ছবি নিয়ে কৌতুহল?' সত্যিটা জানালেন কুণাল ঘোষ, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

‘ছবি নিয়ে কৌতুহল?’ সত্যিটা জানালেন কুণাল ঘোষ, বাংলার মুখ

Spread the love

সাদা কালো একটা ছবি। সেই ছবিকে ঘিরেই জোর শোরগোল সোশ্য়াল মিডিয়ায়। নানা ধরনের চর্চা হচ্ছে সেই ছবিকে ঘিরে। সোশ্য়াল মিডিয়ায় লেখা হয়েছে এরা কারা, দয়া করে একটু জানিয়ে দেবেন।

আসলে সেই ছবিতে কারা রয়েছেন তা নিয়ে নানা চর্চা চলছে বিভিন্ন মহলে।

এবার তৃণমূল নেতা কুণাল ঘোষ পরিচয় করিয়ে দিলেন ওই ছবিতে যে তিনজন রয়েছেন তাঁরা আসলে কে?

কুণাল ঘোষ এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ছবি নিয়ে কৌতূহল?

জেনে রাখুন: ছবিতে পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নিয়ে বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়।

এই ছবির অপপ্রয়োগ করে একাংশের জানোয়ার মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে বিকৃত ইঙ্গিতপূর্ণ কুৎসিত প্রচার করছে। বিজেপি এবং বিরোধীদের একাংশ কুৎসাকারীদের ‘স্পনসর’ করছে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ধরণের নোংরা আক্রমণ যারা করছে, তারা জেনে রাখুক, শৈশব থেকে পরিবারে তাঁর লড়াকু জীবন, ভাইবোনেদের নিয়ে অভিভাবকের ভূমিকা পালন, রাজনীতিতে কত সংগ্রাম করে এগিয়ে চলা, বাংলা তথা ভারতের মানুষ জানেন, গোটা বিশ্বের বাঙালি, প্রবাসী ভারতীয়রা মমতাদিকে ভালোবাসেন, সম্মান করেন। এই ছবির অপব্যবহার ও বিকৃত প্রচার যারা করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও জরুরি।

আরও বলে রাখি, যাঁর লেখা একটি বইকে ব্যবহার করে এত অপপ্রচার, জেনে রাখুন, সেই ব্যক্তির বিরুদ্ধেই বধূনির্যাতনের অভিযোগ ছিল। অভিযোগ করেছিলেন তাঁর পুত্রবধূ অভিনেত্রী শম্পা ঘোষ, যিনি শত্রুঘ্ন সিনহার ‘অন্তর্জলী যাত্রা’ ছবির নায়িকা। একাধিকবার তিনি ‘সংবাদ প্রতিদিন’ দপ্তরেও এসেছেন অভিযোগ নিয়ে, খবরও হয়েছে সেসব। এই অভিযোগ এবং আরও কিছু অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় ওই ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করেন। সেসময় দেখা যায়, সিপিএমের দুই নেতার সঙ্গে ওই ব্যক্তির যোগাযোগ নিবিড় হয়। পুত্রবধূর করা অভিযোগে বামফ্রন্ট সরকারের পুলিশ নিষ্ক্রিয় হয়ে যায়। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করা বই লিখে সিপিএমের গুডবুকে থেকে গ্রেপ্তার এড়ান ওই ব্যক্তি। শম্পা ঘোষ যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে অকালমৃতা না হতেন, তাহলে ওই ব্যক্তির কপালে দুঃখ ছিল।

যেসব জানোয়ার এই ছবির অপব্যবহার করে বাংলার মুখ্যমন্ত্রীকে মিথ্যা রটনায় বিদ্ধ করতে চাইছে, ব্যক্তি আক্রমণে সব সীমা লঙ্ঘন করছে, তারা এসব বাঁদরামি বন্ধ করুন।’ লিখেছেন কুণাল ঘোষ।

বাস্তবিকই এই ছবিকে ঘিরে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল নেটপাড়ায়, সেটা পুরোপুরি দূর করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *