Shani Sade Sati: শনির সাড়ে সাতি হলে কোন কাজ ভুলেও করতে নেই? – Bengali News | Do not do these mistakes during Sade sati of Shani
জ্যোতিষশাস্ত্রে শনির সাড়ে সাতি অর্থাৎ সাড়ে সাত বছরের শনি দোষ। প্রত্যেকের জীবনের গুরুত্বপূর্ণ সময়। যা ব্যক্তির জীবনে নানা রকম চ্যালেঞ্জ, বাধা ও পরীক্ষার সময় হিসেবে বিবেচিত হয়। এই সময়ে শনিদেব মানুষের ধৈর্য, নৈতিকতা ও কর্মফল বিচার করেন বলে মনে করা হয়। শনি কঠোর বিচারক। তাই জ্যোতিষশাস্ত্র মতে এই সময়ে কিছু কাজ থেকে বিরত থাকা উচিত। তাতে শনির কুপিত দৃষ্টি এড়ানো যায়।
১। অন্যায় কাজ – এই সময় কোনও ধরনের অসৎ কাজ, যেমন মিথ্যা বলা, প্রতারণা, ঘুষ নেওয়া বা কারও সঙ্গে অন্যায় আচরণ করলে শনির কৃপা রুষ্ট হয়ে যেতে পারে। কর্মফলের দেবতা শনি, তাই এই সময়ে সততা ও ন্যায়বিচারের পথে থাকা জরুরি।
২। প্রবল রাগ ও অহংকার – শনির সাড়ে সাতিতে যারা অহংকারী হন বা হঠাৎ রেগে গিয়ে অন্যকে অপমান করেন, তারা অনেক বড় বিপদের সম্মুখীন হতে পারেন। এই সময় আত্মনিয়ন্ত্রণ, নম্রতা ও সহনশীলতা শেখার সময়।
৩। গরিব, বৃদ্ধ মানুষকে অসম্মান – শনিকে শ্রমজীবী ও দরিদ্র মানুষের কর্তা বলে মনে করা হয়। তাঁদের অসম্মান করলে বা অবহেলা করলে শনি অত্যন্ত রুষ্ট হন। বরং এই সময় তাদের সাহায্য করাই শুভ।
৪। পরনিন্দা ও অপবাদ দেওয়া – কারও পিছনে কুৎসা রটানো বা অহেতুক সমালোচনা করলে তা কর্মফল হিসেবে দ্রুত ফিরে আসতে পারে। শনি এই ধরনের নেতিবাচক অভ্যাসকে বরদাস্ত করেন না।
৫। দায়িত্বে অবহেলা – সাড়ে সাতির সময় দায়িত্বহীনতা, অলসতা বা কাজ ফেলে রাখা জীবনে দারুণ ক্ষতি ডেকে আনতে পারে। শনি কঠোর পরিশ্রম, ধৈর্য ও সময়নিষ্ঠতার প্রতীক।
শনির সাড়ে সাতি আসলে একটি আত্ম-পরীক্ষার সময়, যেখানে ব্যক্তির নৈতিকতা ও ধৈর্য পরীক্ষা করা হয়। এই সময় সততা, নম্রতা ও শৃঙ্খলার সঙ্গে জীবনযাপনই শনি দোষ কাটিয়ে ওঠার মূল চাবিকাঠি।