AI-এর দুনিয়ায় বিরাট সাফল্য ভারতের, ৩৪,০০০ জিপিইউ পার করল দেশের কম্পিউট ক্যাপাসিটি – Bengali News | IT minister Ashwini Vaishnaw announced, India’s Common Compute Capacity Crosses 34,000 GPUs
নয়া দিল্লি: ভারতের আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের পরিকাঠামো যে কতটা বাড়ছে, সে কথাই শোনা গেল খোদ কেন্দ্রীয় মন্ত্রীর মুখে। নয়া দিল্লিতে ‘IndiaAI – Make AI in India, Make AI Work for India’ শীর্ষক একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় তথ্য় ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতের কম্পিউট ক্যাপাসিটি ৩৪,০০০ জিপিইউ ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে যে ১৮,৪১৬ ইউনিট রয়েছে, তার সঙ্গে যুক্ত হয়েছে নতুন ১৫,৯১৬ ইউনিট।
ভারতের IndiaAI মিশনের অধীনে আরও তিনটি স্টার্ট আপ সংস্থাকে বেছে নেওয়ার কথাও এদিন ঘোষণা করেন মন্ত্রী। অশ্বিনী বৈষ্ণব বুঝিয়ে দিয়েছেন, AI-এর দুনিয়ায় এগিয়ে যাওয়ার জন্য GPU পরিকাঠামো বাড়ানো ঠিক কতটা গুরুত্বপূর্ণ।
মন্ত্রী বলেন, “মাত্র কয়েকজনের হাতেই প্রযুক্তি থাকবে, তা হয় না। সমাজের বৃহত্তর অংশে প্রযুক্তি পৌঁছে দেওয়া উচিত, যাতে সবাই ব্যবহার করতে পারে। ভারতের IndiaAI লক্ষ্য এটাই।”
কোন কোন বিষয়ে জোর দিতে হবে, সে বিষয়েও স্টার্ট আপ সংস্থাগুলিকে পরামর্শ দেন অশ্বিনী বৈষ্ণব। সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশ্বের প্রথম পাঁচের মধ্যে আসাই লক্ষ্য হিসেবে স্থির করতে হবে বলে উল্লেখ করেন তিনি।
IndiaAI ফাউন্টেশন মডেল ভারতের ডেটা সংগ্রহের ক্ষেত্রে জোর দেবে। এছাড়া গত ২৬ এপ্রিল Sarvam AI-কে বেছে নেওয়া হয়েছে ভারতের LLM ইকোসিস্টেম তৈরির জন্য, যা সাধারণ মানুষের ব্যবহারের জন্য থাকবে। বাকি সংস্থাগুলির মধ্যে Soket AI শিক্ষা, প্রতিরক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত অ্যাপ্লিকেশন তৈরি করবে। Gnani AI সংস্থাটি Voice AI-এর বিষয়ে কাজ করবে। সব ভাষার ব্যবহার থাকবে সে ক্ষেত্রে।
এছাড়া কম্পিউট এক্সপ্যানশনের ক্ষেত্রে সাতটি সংস্থা কাজ করবে। সেগুলি হল, Cyfuture India Pvt. Ltd., Ishan Infotech Ltd., Locuz Enterprise Solutions Ltd., Netmagic IT Services Pvt. Ltd., Sify Digital Services Ltd., Vensysco Technologies Ltd. ও Yotta Data Services Pvt. Ltd.।
সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে সাইবারগার্ড এআই হ্যাকাথনের আয়োজন করেছিল, তার বিজেতাদের নামও এদিন ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের অধীনেই IndiaAI মিশন চলছে। AI-এর ক্ষেত্রে বিশ্বের তাবড় দেশগুলিকে টেক্কা দিতেই কেন্দ্রীয় সরকারের এই বিশেষ উদ্যোগ।