‘জাস্ট মেরে ফেল…’, বেডে শুয়ে করোনা রোগীনি, ফোনে নির্লিপ্ত জবাব সিনিয়র ডাক্তারের! – Bengali News | Maharashtra Senior Doctor Asked Colleague to Kill Female COVID 19 Patient, Audio Clip Viral
মুম্বই: ভয়ঙ্কর বললেও কম বলা হয়! মারণ সংক্রমণের সঙ্গে লড়াই, চিকিৎসকের খোঁজে ফোন করতেই ও’প্রান্ত থেকে তাঁর উত্তর, “রোগীকে মেরে ফেল”। চাঞ্চল্যকর এই ভাইরাল অডিয়ো ক্লিপকে ঘিরে শোরগোল। চিকিৎসক কীভাবে রোগীকে মেরে ফেলার কথা বলতে পারেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
জানা গিয়েছে, অডিয়ো ক্লিপটি মহারাষ্ট্রের লাতুরে এক সরকারি হাসপাতালের চিকিৎসকের। ২০২১ সালে যখন করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছিল, হাসপাতালগুলি রোগীতে উপচে পড়ছিল, সেই সময়ের ঘটনা। সম্প্রতিই ওই চিকিৎসকের অডিয়ো ক্লিপ ভাইরাল হয়। পুলিশ ইতিমধ্যে এফআইআর দায়ের করেছে।
অভিযুক্ত চিকিৎসকের নাম ডঃ শশীকান্ত দেশপাণ্ডে। ২০২১ সালে তিনি লাতুরের উদগির সরকারি হাসপাতালের অ্যাডিশনাল ডিস্ট্রিক সার্জন ছিলেন। ওই সময়ে কৌসার ফতিমা নামক করোনা আক্রান্ত এক রোগী ভর্তি হন। চিকিৎসাধীন থাকাকালীন এই ঘটনা ঘটে।
হাসপাতালের আরেক চিকিৎসক (ডঃ দাঙ্গে), ডঃ শশীকান্ত দেশপাণ্ডেকে ফোন করলে তিনি রোগীর চিকিৎসার পরামর্শ দেওয়ার বদলে তিনি সাফ বলেন, “কাউকে ঢুকতে দেবে না। ওই মহিলাকে জাস্ট মেরে ফেল”। জবাবে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীর অক্সিজেন সাপোর্ট ইতিমধ্য়ে কমিয়ে দেওয়া হয়েছে।
ওই মহিলার স্বামীই পুলিশে অভিযোগ দায়ের করেন। এফআইআর অনুযায়ী, তিনি ওই সময়ে স্ত্রীর সামনেই উপস্থিত ছিলেন। ডঃ দাঙ্গে দুপুরের খাবার খাচ্ছিলেন, তাই ফোন স্পিকারে দেওয়া ছিল। ওপ্রান্ত থেকে ডঃ শশীকান্ত জানতে চেয়েছিলেন, কোভিড রোগীর জন্য আর কোনও বেড ফাঁকা রয়েছে কি না। ডঃ দাঙ্গে না বলার পরই ডঃ শশীকান্ত ভর্তি থাকা করোনা রোগী ফতিমাকে মেরে ফেলার কথা বলেন।
চলতি বছরের ২ মে দুই চিকিৎসকের বার্তালাপের অডিয়ো ক্লিপ ভাইরাল হয়। পুলিশ ইতিমধ্যেই ওই চিকিৎসকের মোবাইল বাজেয়াপ্ত করেছে এবং তাঁর বয়ান রেকর্ড করেছে। অডিয়ো ক্লিপটির সত্যতা যাচাই করা হচ্ছে।
