Shubman Gill: ‘ক্যাপ্টেন’ শুভমন গিল প্রথমবার হোমগ্রাউন্ডে নামছেন! – Bengali News | Shubman Gill Will be Playing first game at home state after getting Test Captaincy
হোম গ্রাউন্ডে নামছেন শুভমন গিল। একটু ভুল হল। ক্যাপ্টেন শুভমন গিল হোম গ্রাউন্ডে প্রথম বার নামছেন। মনে হতেই পারে, এলিমিনেটর ম্যাচ তো মুল্লানপুরে। আর শুভমন গিল গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন। তাদের হোমগ্রাউন্ড আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এবারের আইপিএলে এতগুলো ম্যাচ খেলেছেন। তা হলে প্রথম ম্যাচ কেন? আসল হোম গ্রাউন্ড বলা যায়?
আইপিএল দশ দলের টুর্নামেন্ট হওয়ার পর থেকেই ফরম্যাট বদলেছে। পাঁচটি দল ডাবল লেগ ফরম্যাটে খেলে, আর পাঁচটি সিঙ্গল লেগ। মুল্লানপুর পঞ্জাব কিংসের অন্যতম হোমগ্রাউন্ড। এ মরসুমে পঞ্জাব কিংসের বিরুদ্ধেও খেলেছে গুজরাট টাইটান্স। তবে সিঙ্গল লেগ। আমেদাবাদে হয়েছিল ম্যাচটি। ফলে পঞ্জাবের মাঠে খেলার সুযোগ হয়নি শুভমন গিলের। দীর্ঘ এক বছর পর এই মাঠে নামবেন গিল।
টাইটান্সের ক্যাপ্টেন হলেও শুভমন গিলের আসল হোম তো পঞ্জাব। রাজ্য দলে পঞ্জাবের হয়ে খেলেন। বর্ডার-গাভাসকর ট্রফির পর পঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফিতেও খেলেছিলেন শুভমন গিল। লাল-বলের ক্রিকেটের প্রস্তুতিতে রঞ্জি ট্রফি ভালো বিকল্প। রঞ্জিতেও ক্যাপ্টেন্সি করেছেন শুভমন। কিন্তু রঞ্জি ম্যাচটি বেঙ্গালুরুতে খেলেছিলেন শুভমন। এরপর ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ, দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পর আইপিএল। কিন্তু আসল হোমগ্রাউন্ড পঞ্জাবের মাঠে খেলার সুযোগ হচ্ছিল না। এবারের আইপিএলে এলিমিনেটর ম্যাচেই প্রথম নামছেন শুভমন গিল। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। হোম গ্রাউন্ড তাঁকে কতটা ভালোবাসা দেবে তারই অপেক্ষা।
এবারের আইপিএলে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছিল গুজরাট টাইটান্স। যদিও লিগের শেষ দিকে পরপর হারে শীর্ষ দুইয়ে জায়গা করে নিতে পারেনি গুজরাট। যার জেরে এলিমিনেটর ম্য়াচ খেলতে হবে আগামী কাল। শুভমনদের প্রতিপক্ষ পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। আশা করাই যায় ঘরের ছেলে শুভমনের জন্যই গলা ফাটাবে মুল্লানপুরের গ্যালারি। টাইটান্সের ক্যাপ্টেন হিসেবে না হলেও নিজেদের গর্বের ক্রিকেটারের জন্য।
সদ্য ভারতীয় টেস্ট টিমের ক্যাপ্টেন করা হয়েছে শুভমন গিলকে। ইংল্যান্ড সফরে টেস্টে ভারতের নতুন যুগ শুরু হচ্ছে। শুভমন গিলের নেতৃত্বে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। অতীতে জিম্বাবোয়ে সফরে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছেন শুভমন। তেমনই ওয়ান ডে ক্রিকেটে ভারতীয় দলে রোহিতের ডেপুটি ছিলেন। টেস্টে এবার ফুলটাইম ক্যাপ্টেন।
মুল্লানপুরের ম্যাচটা আইপিএলের এলিমিনেটর হলেও শুভমনের জন্য বাড়তি আবেগের। টেস্ট ক্যাপ্টেন হওয়ার পর ঘরের মাঠের সমর্থকদের সামনে খেলবেন। উপস্থিত থাকতে পারে তাঁর পরিবারও। গত মরসুমে টাইটান্সের ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল শুভমনকে। কিন্তু প্লে-অফে যেতে পারেনি দল। এবার প্লে-অফ অবধি পৌঁছেছেন। লক্ষ্য মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নেওয়া। আর কাছের মানুষদের সামনে একটা ক্যাপ্টেন্স নক খেলতে পারলে, সোনায় সোহাগা।