পর্যটকরা কোথা থেকে আসছেন? কী পরিচয়? জানাতে হবে যাবতীয় তথ্য, নির্দেশ প্রশাসনের - 24 Ghanta Bangla News
Home

পর্যটকরা কোথা থেকে আসছেন? কী পরিচয়? জানাতে হবে যাবতীয় তথ্য, নির্দেশ প্রশাসনের

Spread the love

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, ভারত পাক সংঘাত এবং পরবর্তীতে পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছেন হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা। তদন্তকারীরা জানতে পেরেছেন, তিনি পশ্চিমবাংলাতেও এসেছিলেন। সেই আবহে এবার পর্যটকদের ওপর নজরদারি বাড়ানো হচ্ছে। কোথা থেকে পর্যটকরা আসছেন? কি নাম? তাদের যাবতীয় তথ্য সংগ্রহের ওপর জোর দিচ্ছে প্রশাসন। এই মর্মে নির্দেশিকা জারি করল আলিপুরদুয়ার জেলা প্রশাসন। পর্যটন সংস্থাগুলির পাশাপাশি ও লজ, রিসর্ট, হোটেল ও হোম স্টে মালিকদের কাছে সেই নির্দেশিকা পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ডুয়ার্সের বইছে লীস নদী, সেখানে কার্তিকের সঙ্গে রোম্যান্সে মজে দক্ষিণের শ্রীলীলা!

বর্তমানে ডুয়ার্সে ভিড় বাড়ছে দেশি বিদেশি পর্যটকদের। নির্দেশিকায় দেশি বিদেশি পর্যটকদের তথ্য জানানোর জন্য আলাদা আলাদা কলাম রাখা হয়েছে। তাতে তাঁদের সম্পর্কিত তথ্য লিখে পর্যটন দফতরের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিমাসের ২ তারিখ এবং ১৭ তারিখে দুবার করে এ সংক্রান্ত তথ্য লিখে পাঠাতে হবে বলে নির্দেশিকায় বলা হয়েছে। তাতে পর্যটকদের নাম লেখার পাশাপাশি তাঁরা কোথা থেকে আসছেন? কি লিঙ্গ? এই সংক্রান্ত তথ্য উল্লেখ করতে হবে। বিষয়টি বাধ্যতামূলক করেছে জেলা প্রশাসন। শুধু তাই নয়, এনিয়ে কোনও গাফিলতি হলে একেবারে বরদাস্ত করা হবে না বলেও জানানো হয়েছে।

পর্যটক সংস্থাগুলি প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা জানাচ্ছে, ডুয়ার্সে ভিন রাজ্যের পর্যটকদের পাশাপাশি বহু বিদেশি পর্যটক আসেন। তবে সবচেয়ে বেশি পর্যটক আসেন প্রতিবেশী অসম থেকে। তারপরেই মহারাষ্ট্র, গুজরাট এবং মধ্যপ্রদেশের পর্যটকরা এখানে আসেন।

অন্যদিকে, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, রাশিয়া প্রভৃতি দেশ থেকেও এখানে প্রচুর সংখ্যায় পর্যটক আসেন। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পর্যটকদের উপর নজরদারি চালানোর প্রয়োজন বলে মনে করছে সংস্থাগুলি। নিরাপত্তাজনিত কারণে প্রশাসনের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে তারা জানাচ্ছেন।

পর্যটন সংস্থাগুলি জানাচ্ছে, অপারেশন সিঁদুরের পর এবং সিকিমে প্রাকৃতিক দুর্যোগের কারণে ডুয়ার্সে পর্যটকদের সংখ্যা বাড়ছে। সেই কারণে নিরাপত্তা বজায় রাখতে পর্যটকদের তথ্য জানা প্রয়োজন। ফলে এই সিদ্ধান্ত সময়োপযোগী বলেই জানাচ্ছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *