PM Modi: আলিপুরদুয়ারের সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে কী নিয়ে সরব হবেন মোদী? ২৪ ঘণ্টা আগেই ইঙ্গিত দিলেন নমো – Bengali News | ‘It is always a delight to be among the people of West Bengal’, says PM Narendra Modi before his rally in Alipurduar on May 29
বৃহস্পতিবার আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: TV9 Bangla
আলিপুরদুয়ার: অপারেশন সিঁদুরের পর প্রথমবার বাংলায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার (২৯ মে) আলিপুরদুয়ারে সভা রয়েছে তাঁর। একইসঙ্গে সরকারি প্রকল্পেরও শিলান্যাস করবেন। ৯ বছর পর এই জেলায় পা রাখবেন তিনি। বাংলায় আসার আগে বুধবার এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, “বাংলার মানুষের কাছে আসা সবসময়ই আনন্দের।”
আগামী ২ দিন সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তর প্রদেশে একাধিক অনুষ্ঠানে থাকবেন জানিয়ে এদিন এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, “বাংলার মানুষের কাছে আসা সবসময়ই আনন্দের। ২৯ মে দুপুরে আলিপুরদুয়ারে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন (সিজিডি) প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান রয়েছে। এই প্রকল্পে বহু মানুষ উপকৃত হবেন। কর্মসংস্থান হবে।”
সরকারি অনুষ্ঠানের পাশাপাশি আলিপুরদুয়ারে বিজেপির সভায় বক্তব্য রাখবেন বলে জানান মোদী। আর সেই সভায় যে তিনি তৃণমূলকে নিশানা করতে চলেছেন, তা তাঁর টুইটেই স্পষ্ট। এক্স হ্যান্ডলে অন্য একটি পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, “গত এক দশকে এনডিএ সরকারের বিভিন্ন প্রকল্পের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বাংলার মানুষ। একইসঙ্গে তাঁরা তৃণমূলের দুর্বল প্রশাসন ও দুর্নীতিতে ক্লান্ত।”
এই খবরটিও পড়ুন
দীর্ঘ ৯ বছর পর আগামিকাল আলিপুরদুয়ারে পা রাখবেন প্রধানমন্ত্রী। শেষবার তিনি আলিপুরদুয়ার এসেছিলেন ২০১৬ সালে। পা রেখেছিলেন মাদারিহাটে। বিধানসভা নির্বাচনে প্রার্থী মনোজ টিজ্ঞার হয়ে ভোট প্রচারে। বৃহস্পতিবার দুপুর ২টা ৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী হাসিমারা থেকে বায়ুসেনার বিশেষ কপ্টারে আলিপুরদুয়ারে আসবেন। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভার পাশাপাশি রয়েছে প্রশাসনিক সভা। প্যারেড গ্রাউন্ডে রয়েছে একটি হ্যালিপ্যাড। যুদ্ধকালীন তৎপরতায় আরও তিনটি হ্যালিপ্যাড করা হয়েছে। পাশাপাশি দুটি মঞ্চ। একটিতে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। অন্যটিতে প্রশাসনিক সভা। প্রধানমন্ত্রীর সভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে দাবি বিজেপির। প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে এসে কী ঘোষণা করেন, সেদিকে তাকিয়ে আলিপুরদুয়ারবাসী।
