Kumarganj: মৃতদেহ সৎকার করে ফেরার পথে কালভার্টের গর্তে পড়ে মৃত্যু – Bengali News | Kumarganj: Man falls into culvert hole to death while returning from cremation
কুমারগঞ্জ: আত্মীয়র বাড়িতে মৃতদেহ সৎকার করে বাড়ি ফেরার পথে কালভার্টের গর্তে পড়ে মৃত্যু হয় এক প্রৌঢ়ের। জেলা পরিষদের তরফে তৈরি করা হয়েছিল ওই কালভার্ট বলে খবর। বুধবার সকালে বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের মোহনা গ্রাম পঞ্চায়েতের অমৃতপুরে। কালভার্ট তৈরির গর্তে জল থাকায় প্রথমে মৃতদেহ শনাক্ত করতে পারেনি স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুমারগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। আসেন থানার আইসি রামপ্রসাদ চাকলাদার নিজে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে আসে মৃতের পরিবার পরিজন। জল থেকে দেহ তোলার পর তা শনাক্ত করেন আত্মীয়রা।
জানা গিয়েছে, মৃতের নাম সুশীল চন্দ্র মণ্ডল (৫৮)। বাড়ি কুমারগঞ্জ ব্লকের বটুন গ্রাম পঞ্চায়েতের মাধবপুরে। মঙ্গলবার মেয়ের বাড়িতে গিয়েছিলেন তিনি। মেয়ের শাশুড়ি মারা যাওয়ায় তিনি দেহ সৎকার করতে যান। শ্মশানের কাজ করতে অনেক রাত হয়ে যায়। এ দিকে, সব শেষে সাইকেল করে বাড়ি ফিরছিলেন সুশীলবাবু। ফেরার পথে অমৃতপুরে কালভার্টের জন্য তৈরি গর্তে সাইকেল নিয়ে পড়ে যান। বেকায়দায় পড়ে যাওয়ায় তিনি আর উঠতে পারেননি। যার ফলে ঘটনাস্থলেই মারা যান।
এ নিয়ে, মৃতের পরিবারের তরফ থেকে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। রাস্তার উপর কালভার্ট হচ্ছে, অথচ সেখানে কোনও ঘেরা দেওয়া হয়নি। ঘেরা দেওয়া থাকলে এমন ঘটনা ঘটতে পারত না বলেই মৃতের ছেলে দাবি করেছেন। এদিকে এদিন দুপুরে দেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে কুমারগঞ্জ থানার পুলিশ।
