Teachers Protest: ‘গেট ভাঙতে যাইনি’, পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে জানিয়ে দিলেন চাকরিহারারা – Bengali News | Police questioned sacked protesting teachers at bidhannagar PS
এসএসসি ভবনের বাইরে চাকরিহারা শিক্ষকরাImage Credit source: TV9 Bangla
কলকাতা: উত্তর বিধান নগর থানার গোয়েন্দা দফতরের নোটিসে সোমবার থানায় হাজির হন দুই চাকরিহারা। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তাঁরা। এদিন বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ প্রবেশ করেন চিন্ময় মন্ডল ও তপন পাল নামে দুই চাকরিহারা শিক্ষক। হিংসার ঘটনার সঙ্গে যে তাঁরা কোনওভাবেই জড়িত নন, সে কথা জানিয়ে দিয়ে আসেন তাঁরা।
থানায় ঢোকার আগেই চিন্ময় মণ্ডল বলেন, “হিংসার সঙ্গে আমি কখনই জড়িত নই। ওঁরা ডেকেছেন সহযোগিতা করব। যে কোনও প্রশ্নের উত্তর সঠিকভাবেই দেব। লুকোচুরির কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই।”
সোমবার প্রায় প্রায় ২ ঘণ্টা ১০ মিনিট ধরে তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। চিন্ময়কে প্রশ্ন করা হয়, ওইদিন আপনারা কি কোনও ঘেরাও অভিযান ডেকেছিলেন? তার উত্তরে, তাঁরা জানান, ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়েছিল।
সূত্রের খবর পুলিশের তরফে প্রশ্ন করা হয়, ‘কেন আন্দোলন করছেন? আইনি লড়াই তো চলছে। আপনারা আন্দোলন এইভাবে চালিয়ে যাবেন?’
পুলিশের তরফে আন্দোলনকারীদের বলা হয়, গেট ভাঙার ভিডিয়ো রয়েছে। তার উত্তরের চিন্ময় মণ্ডল জানান, গেটের উপরে উঠে শান্ত করার চেষ্টা করেছিলেন চাকরিহারাদের, তিনি গেট ভাঙতে যাননি।