অমিত শাহের বঙ্গ–সফর পিছিয়ে গেল, বঙ্গ–বিজেপি নেতাদের আশায় পড়ল জল - 24 Ghanta Bangla News
Home

অমিত শাহের বঙ্গ–সফর পিছিয়ে গেল, বঙ্গ–বিজেপি নেতাদের আশায় পড়ল জল

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ–সফর এখনও পর্যন্ত ঠিক থাকলেও পিছিয়ে গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ–সফর। আবার পিছিয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন বঙ্গ–বিজেপির নেতা–কর্মীরা। আসলে প্রধানমন্ত্রী এখানে আসছেন ‘‌অপারেশন সিঁদুর’‌ নিয়ে প্রচার করতে। সেখানে রাজনৈতিক ভোকাল টনিক নাও মিলতে পারে। সেটা দিতে পারতেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেটাও পিছিয়ে গেল। তবে এখনও বাতিল হয়নি। এই আবহে আগামী ৩১ মে রাতে কলকাতায় নামার কথা ছিল শাহের। পয়লা জুন যোগ দিতেন দু’টি কর্মসূচিতে। কিন্তু সব ভেস্তে গেল।

এখানে দুটি সূচি ছিল শাহের। এক, সায়েন্স সিটি চত্বরে। দুই, ওয়েস্টিন হোটেলে। এখন আর সেসব হবে না। এখানে পালা করে যাওয়ার কথা ছিল বঙ্গ–বিজেপির বিধায়ক–মন্ত্রী এবং সংগঠনের নেতাদের। সেসব আর করা যাবে না। প্রায় একসপ্তাহের জন্য পিছিয়ে গেল ‘শাহী বঙ্গ–সফর’। যদিও এই পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে মুখ খোলেনি কোনও বিজেপি নেতা। অমিত শাহ যে বাংলায় আসছেন সেটা সর্বত্র ছড়িয়ে পড়েছিল। দেশের প্রধানমন্ত্রীর পরই স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় আসছেন বলে চাউর করে দেওয়া হয়েছিল। তবে এবার আর সে পথে হাঁটেনি বঙ্গ–বিজেপির নেতারা।

আরও পড়ুন:‌ স্বামীর আত্মহত্যার ভিডিয়ো করেছিলেন স্ত্রী, ‘কেস রিওপেন’ হতেই আশা দেখছে পরিবার

২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন আছে। সেক্ষেত্রে প্রচারে এবং দলের সংগঠন নিয়ে আলোচনা করতে আসবেন অমিত শাহ। কিন্তু যে বিষয়টি ভাবা হয়েছিল সেটা আপাতত হল না। আসলে সূত্রের খবর, এই সপ্তাহের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বাছাইয়ের কাজটা হয়ে যেতে পারে। আর সেই কাজ শেষ হলে তবেই জুন মাসের প্রথম সপ্তাহে বাংলায় আসতে পারবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেক্ষেত্রে আপাতত এক সপ্তাহের জন্য পিছিয়ে গেল অমিত শাহের বাংলায় আসা। অমিত শাহ বাংলায় এলে দলের সংগঠনের অবস্থা সরেজমিনে খোঁজ নেবেন। তাঁর কাছে থাকা রিপোর্টের সঙ্গে যদি বাস্তবের মিল খুঁজে না পাওয়া যায় তাহলে চাপ আছে বঙ্গ–বিজেপির নেতাদের বলে মনে করা হচ্ছে।

আর বিজেপির সাংগঠনিক নীতি অনুযায়ী, বেশিরভাগ রাজ্য সংগঠনগুলিতে সভাপতি বাছাইয়ের কাজ শেষ হয়েছে। কিন্তু দলের সর্বভারতীয় সভাপতি নির্বাচন এখনও হয়নি। বাংলার রাজ্য–সভাপতিও নির্বাচন হয়নি। আর সব রাজ্যের সভাপতি ঠিক করা না হলে এগোতে পারবে না দল। তাই ৩৬টি রাজ্যের মধ্যে এখনও পর্যন্ত ২৩টি রাজ্যের সভাপতি নির্বাচনের কাজ বাকি আছে। তাই পিছিয়ে দিতে হয়েছে বঙ্গ–সফর। কিন্তু এবার কি দলের গঠনতন্ত্র ভেঙে সর্বভারতীয় সভাপতি বাছাই করবে বিজেপি? উঠছে প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *