বিকেল ৫টায় সাংবাদিক বৈঠক, চাকরিহারাদের জন্য বিশেষ ঘোষণা করতে পারেন মমতা - 24 Ghanta Bangla News
Home

বিকেল ৫টায় সাংবাদিক বৈঠক, চাকরিহারাদের জন্য বিশেষ ঘোষণা করতে পারেন মমতা

Spread the love

নিয়োগ দুর্নীতিতে চাকরিহারাদের জন্য বিশেষ সাংবাদিক বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেল ৫টায় এই সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বিশেষ কোনও ঘোষণা করতে পারেন বলে আশা করছেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তবে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশের বাইরে কোনও কিছু করার ক্ষমতা নেই মুখ্যমন্ত্রীর।

২০১৬ সালে SSCর নিয়োগ দুর্নীতি প্রমাণিত হওয়ায় গোটা প্যানেলটিই বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায় বহাল রেখে নতুন করে পরীক্ষা নিয়ে শিক্ষক নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ৩১ মের মধ্যে জারি করতে হবে নতুন নিয়োগপ্রক্রিয়ার বিজ্ঞপ্তি। যদিও মঙ্গলবার দুপুর পর্যন্ত সেই বিজ্ঞপ্তি জারি করেনি SSC. ওদিকে চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের দাবি, নতুন করে পরীক্ষা দেবেন না তাঁরা। SSC নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলেই তাদের পুরনো চাকরিতে বহাল থাকার যাবতীয় আশা শেষ হয়ে যাবে। ফলে রাজ্য সরকারের কাছে তাদের দাবি, নতুন পরীক্ষা না দিয়ে তাদের চাকরিতে বহাল রাখার ব্যবস্থা করা হোক।

এই দাবি নিয়ে গত ২১ দিন ধরে বিধাননগরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। সোমবার রাজ্যের শিক্ষাসচিবের সঙ্গে বৈঠকও করেছেন তাঁরা। তবে বৈঠকের ফলে সন্তুষ্ট নন তাঁরা। এর পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চাকরিহারারা। এরই মধ্যে মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী এব্যাপারে সাংবাদিক বৈঠক করবেন বলে জানানো হল নবান্ন থেকে। নবান্ন থেকে প্রকাশিত বিবৃতিতে ‘সুপ্রিম কোর্টের রায় মেনে’ মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক হবে বলে জানানো হয়েছে।

মমতার সাংবাদিক বৈঠককে যদিও বিশেষ গুরুত্ব দিতে রাজি নন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, কেউ যদি সুপ্রিম কোর্টকে না মানেন তাহলে তিনি সংবিধানের অবমাননা করছেন। সংবিধানের শাসনে তাঁর থাকার অধিকার নেই। সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারেন না। মুখ্যমন্ত্রী চাকরিহারাদের ভুয়ো আশ্বাস দিচ্ছেন। তাদের ফের পরীক্ষা দিতে হবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *