Pralhad Joshi: ‘কংগ্রেসের মুখে গণতন্ত্র আর বাকস্বাধীনতা পরিহাসের বিষয়’, খোঁচা প্রহ্লাদের – Bengali News | ‘It is deeply ironic that a party dominated by a single family is now speaking about democracy and freedom of speech’, Union minister Pralhad Joshi slams Congress
নয়াদিল্লি: গণতন্ত্র ও বাকস্বাধীনতা নিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। একটি পরিবারই কংগ্রেসকে পরিচালনা করে বলে খোঁচা দিলেন। আর ওই পরিবার দ্বারা পরিচালিত দলের নেতাদের মুখে গণতন্ত্র ও বাকস্বাধীনতার কথা বিদ্রুপাত্মক বলে মন্তব্য করেন প্রহ্লাদ। ১৯৭৫ সালে জরুরি অবস্থার কথাও কেন্দ্রীয় মন্ত্রী স্মরণ করালেন।
সোমবার মোদী সরকারের ১১ বছর পূর্তিতে খোঁচা দিয়েছিল কংগ্রেস। ২০১৪ সালের ২৬ মে প্রথমবার প্রধানমন্ত্রী পদে শপথ নেন মোদী। এদিন মোদী সরকারের ১১ বছর পূর্ণ হল। আর ১১ বছর পূর্তিতে মোদী সরকারকে খোঁচা দিয়ে এক্স হ্যান্ডলে কংগ্রেস নেতা জয়রাম রমেশ লেখেন, আজ অঘোষিত জরুরি অবস্থার ১১ বছর। কংগ্রেস নেতার এই টুইটের জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ।
গান্ধী পরিবারই কংগ্রেস চালায় বলে বারবার খোঁচা দিতে দেখা গিয়েছে বিজেপি নেতাদের। বর্তমানে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকর্জুন খাড়্গে। কিন্তু, গান্ধী পরিবারের ইশারাতেই কংগ্রেস পরিচালিত হয় বলে বিজেপি নেতারা রাহুল গান্ধী, সনিয়া গান্ধীকে আক্রমণ করেন। এদিন সেদিকে ইঙ্গিত করেই জয়রাম রমেশকে আক্রমণ করেন প্রহ্লাদ জোশী।
এই খবরটিও পড়ুন
এক্স হ্যান্ডলে প্রহ্লাদ জোশী লেখেন, “যে দলে একটি পরিবার প্রভুর মতো রাজ করে, সেই দল এখন গণতন্ত্র এবং বাকস্বাধীনতার কথা বলছে। এটা খুবই পরিহাসের বিষয়।” এরপরই ১৯৭৫ সালের জরুরি অবস্থা-সহ কয়েকটি বিষয় তুলে ধরে তা নিয়ে বক্তব্য রাখারা জন্য কংগ্রেস ও খাড়্গেকে আহ্বান জানান তিনি।
কংগ্রেসকে আক্রমণ করে প্রহ্লাদ জোশী লেখেন, দেশজুড়ে নির্বাচিত সরকারগুলিকে সরাতে একশোর বেশিবার সংবিধানের ৩৫৬ অনুচ্ছেদের অপব্যবহার করেছে কংগ্রেস। ১৯৭৫ সালে ব্যক্তিস্বার্থ ও রাজনৈতিক লাভের জন্য দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছিল। মানুষের মৌলিক অধিকার হরণ করেছিল। কর্নাটকে যেসব সাংবাদিক কংগ্রেসের সমালোচনা করছেন, তাঁদের গ্রেফতারের চেষ্টা করছে সেরাজ্যের সরকার।
