Balurghat: রাতের আকাশে রহস্যময় আলো, ড্রোনের গুঞ্জন বালুরঘাটে – Bengali News | Mysterious light appears in several parts in South Dinajpur
বালুরঘাট: রাতের আকাশে রহস্যময় আলোর দেখা মিলল বালুরঘাট-সহ দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন জায়গায়। রবিবার রাতে কখনও বালুরঘাট, আবার কখনও গঙ্গারামপুর, হরিরামপুরে সারি সারি রহস্যময় আলোর দেখা মেলে। যাকে ঘিরেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে৷ অনেকের প্রাথমিক অনুমান, আলোকবস্তুগুলো ড্রোন হতে পারে৷ কারণ পাশেই রয়েছে বাংলাদেশ সীমান্ত। সেখান থেকে ড্রোন পাঠানো হতে পারে বলে অনেকের আশঙ্কার।
দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে রাতের আকাশে রহস্যময় আলোর দেখা মিলতেই শোরগোল পড়েছে জেলাজুড়ে। জেলার হরিরামপুর থেকে একেবারে সীমান্তবর্তী বালুরঘাট ও হিলির আকাশেও এমন রহস্যময় আলোর বস্তু দেখা গিয়েছে। যদিও বা এই রহস্যময় আলো নিয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কাছেও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এমনকি বিএসএফের কাছেও কোনও তথ্য নেই বলেই খবর।
জেলা পুলিশের পক্ষ থেকে বিএসএফের সঙ্গে এনিয়ে যোগাযোগ করা হচ্ছে৷ বিষয়টি কী খতিয়ে দেখছে বিএসএফও। যদিও এবিষয়ে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
