Bankura: অসুস্থ স্বামীর গলায় কাটারির কোপ! ছেলের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার মা – Bengali News | Bankura Mother arrested for stabbing sick husband to death on son’s complaint
বাঁকুড়া: দাম্পত্য কলহের জেরে দীর্ঘদিন ধরে অসুস্থ স্বামীর গলায় কাটারির কোপ স্ত্রী। বিছানাতেই মৃত্যু স্বামীর। ছেলের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার মা! বুধবার দুপুরে ছাতনা থানার কাঁটাপাহাড়ি গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে মৃতের নাম জিতেন মাল। মৃতের ছেলের অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতের স্ত্রী মায়া মালকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার ছাতনা থানার কাঁটাপাহাড়ি গ্রামের বাসিন্দা বছর ষাটের বাসিন্দা জিতেন মাল দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি একপ্রকার শয্যাশায়ী ছিলেন। গতকাল স্ত্রী মায়া মালের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। সেই কথা কাটাকাটি চলাকালীন আচমকাই উত্তেজিত হয়ে পড়েন স্ত্রী মায়া মাল।
অভিযোগ, ঝগড়া আচমকাই স্ত্রী মায়া মাল কাটারি নিয়ে গিয়ে স্বামীর গলায় চালিয়ে দেন। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জিতেন মাল। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনা জানার পরেই মৃতের ছেলে মায়ের বিরুদ্ধে ছাতনা থানায় খুনের অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত মায়া মালকে গ্রেফতার করে পুলিশ। আজ ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়।
