গৌরব চক্রবর্তীর নাচে মুগ্ধ কৌশানী, কোথায় নাচলেন তিনি? – Bengali News | Gaurab Chakraborty dances in DBD
গৌরব চক্রবর্তী বহু বছর ধরে অভিনয় করছেন। তবে বাংলা বাণিজ্যিক ছবির মুখ নন তিনি। সেই কারণে জিত্, দেব বা অঙ্কুশ-বনি সেনগুপ্তর মতো ডান্স করতে দেখা যায় না তাঁকে। এদিকে অমিতাভ বচ্চনের অনুরাগী গৌরব, সে কথা অনেকেই জানেন। সব্যসাচী চক্রবর্তীর বড় ছেলেকে প্রধানত দেখা যায় অন্যধারার ছবিতে।
‘দ্য একেন: বেনারেস বিভীষিকা’ ছবিতে কাজ করেছেন গৌরব চক্রবর্তী। সুবিমল চরিত্রে অভিনয় করার জন্যই সম্প্রতি তিনি পৌঁছে গিয়েছিলেন ডান্স বাংলা ডান্স-এ। ছবির প্রচার করার জন্য। সেখানে গৌরবকে নাচতে বলা হয়। প্রথমে রাজি হননি অভিনেতা। তারপর কৌশানী মুখোপাধ্যায় তাঁকে জোর করে মঞ্চে নিয়ে যান। সেখানে গৌরব একেবারে বাণিজ্যিক ছবির নায়কদের মতোই নেচে দেখিয়েছেন। সেই নাচ দেখে মুগ্ধ কৌশানী থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী থেকে অঙ্কুশ হাজরা।
গৌরব চক্রবর্তী আর অর্জুন চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তীর দুই ছেলে প্রথম নজর কেড়েছিলেন ‘গানের ওপারে’ ধারাবাহিকে। এরপর অর্জুন বাণিজ্যিক ছবির নায়ক হয়েছেন। অন্যধারার ছবিও করেছেন। তবে এই মুহূর্তে হিন্দি ধারাবাহিকের কাজে ব্যস্ত তিনি। অন্যদিকে গৌরব অন্যধারার ছবিতে বেশি মনোযোগ দিয়েছেন। তাঁদের মা মিঠু চক্রবর্তী এক সময়ে নিয়মিত অভিনয় করতেন। তবে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর মিঠু নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনয় থেকে।
এদিন গৌরবের মতো নাচতে বলা হয়েছিল অনির্বাণ চক্রবর্তীকে। অঙ্কুশের সঙ্গে তাঁকে লাফাতে বলা হয়। অনির্বাণ অঙ্কুশের সঙ্গে লাফিয়ে-ঝাঁপিয়ে যে কাণ্ড ঘটিয়েছেন, সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আসলে যাঁদেরকে দেখে দর্শক ধারণা করে নেন, তাঁরা নাচে পারদর্শী নন, সেসব অভিনেতা যে আসলে নাচের সুযোগ পেলে বাজিমাত করতে পারেন, সেটাই উঠে এল ডান্স বাংলা ডান্স-এর এই এপিসোডে।