Malda: ঘুমন্ত দাদার গায়ে পেট্রোল ঢেলে আগুন, ভাইকে তুলে নিয়ে গেল পুলিশ – Bengali News | Brother accused of pouring petrol on his elder brother and setting him on fire over family dispute in Malda
ভাইকে গ্রেফতার করল পুলিশ Image Credit source: TV 9 Bangla
মালদহ: পারিবারিক বিবাদের জেরে নিজের দাদার গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ওল্ড মালদহের মহিষবাথানীতে। ঘটনাটি ঘটেছে মহিষাবাথানী গ্রাম পঞ্চায়েতের বটতলা গ্রামে। এই গ্রামের বাসিন্দা যতন কোলে (৫৪)। পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতেন ভিন রাজ্যে। তাঁর গায়ে আগুন দিয়ে খুন করার অভিযোগ তাঁর ভাই নন্দন কোলের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে খবর, সদ্য কাজ থেকে বাড়ি ফিরেছিলেন যতন। তারপর থেকেই তাঁর ভাই তাঁর সঙ্গে টাকা ভাগাভাগি থেকে সম্পত্তি নিয়ে ঝামেলা শুরু করেন বলে অভিযোগ। অভিযোগ, রাতে মদ্যপান করে বাড়িতে এসেছিল নন্দন। তারপরই ঘুমন্ত দাদার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। যতনের চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই তাঁকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠান। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন।
যতন অবিবাহিত। ঘটনার পর থেকেই ক্ষোভের আবহ এলাকায়। খবর পেয়ে আসেন যতনের দিদি জলি কর্মকার। তাঁর বিয়ে হয়েছে ইটাহারে। সেখান থেকে এসেই নন্দনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতেই শেষে নন্দনকে গ্রেফতার করে পুলিশ।