Anubrata Mondal: কেষ্টর ‘খুঁটিই’ উপড়ে নিল তৃণমূল! এখন শুধুই ‘পাঁচজনের একজন’ – Bengali News | Post of district president was removed from Birbhum, now only Anubrata Mondal only core committee member
কলকাতা: শুক্রবার বিকালে আচমকা এল খবরটা। জেলায় জেলায় সাংগঠনিক স্তরে বড় বদল করে ফেল তৃণমূল কংগ্রেস। বড় বদল হয়েছে কলকাতা উত্তরে। সেখানে তৈরি হয়েছে কোর কমিটি। দায়িত্বে ৯ নেতা। এদিকে এই ‘কোর কমিটির’ রসায়ন আগেই দেখা গিয়েছিল কোন্দল কাঁটায় বিদ্ধ বীরভূমে। এবার সেখান থেকে দলের সভাপতি পদটাই তুলে দিল তৃণমূল। পাকাপাকিভাবে খাতায়-কলমে আর থাকছে না কোনও জেলা সভাপতি। এবার থেকে বীরভূমে দলের দায়িত্ব থাকবে কোর কমিটির হাতেই। অর্থাৎ, এখন থেকে আর অনুব্রত মণ্ডলকে আর বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি বলে ডাকা যাবে না। তিনি শুধু কোর কমিটির সদস্য।
এই খবর সামনে আসতেই বীরভূম তো বটেই গোটা রাজ্যের রাজনৈতিক মহলে জোরদার চর্চা শুরু হয়ে গিয়েছে। শুধু এই সিদ্ধান্তই নয়, বীরভূমের দুই সাংসদকে কোর বৈঠকে থাকার অনুমতি দেওয়া হয়েছে দলের তরফে।
প্রসঙ্গত, বীরভূমের কোর কমিটির ৭ সদস্যের মধ্যে রয়েছেন অনুব্রত মণ্ডল, কাজল শেখ, চন্দ্রনাথ সিনহা, সুদীপ্ত ঘোষ,অভিজিৎ সিংহ, বিকাশ রায় চৌধুরী, আশিস বন্দ্যোপাধ্যায়। কিন্তু, কমিটির বৈঠক নিয়ে বারেবারে চাপানউতোর তৈরি হয়েছে দলের অন্দরে। অনুব্রত মণ্ডলের উপস্থিতি-অনুপস্থিতি নিয়েও চাপানউতোর কম হয়নি। প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে কাজল শেখের মতো নেতাকে। এই অবস্থায় ‘জেলা সভাপতির’ পদই তুলে ফেলা ভোটের আগে আলাদা করে যে তাৎপর্যপূরণ তা আর বলার অপেক্ষা রাখে না।