‘আমাকে বোঝানো হতো আমি খারাপ’, শার্লিকে পাশে নিয়ে স্বীকারোক্তি অভিষেকের – Bengali News | Abhishek Bose talks about past relationship
বিয়ের পর সোশ্যাল মিডিয়াতে চরম ট্রোলিংয়ের মুখে পড়েছেন ছোটপর্দার নায়ক অভিষেক বসু আর অভিনেত্রী শার্লি মোদক। এই মুহূর্তে ‘ফুলকি’ ধারাবাহিকের নায়ক আর খলনায়িকা তাঁরা। অভিষেক এর আগে প্রেম করেছেন দিয়া মুখোপাধ্যায় আর সুরভী মল্লিকের সঙ্গে। অভিষেকের বিয়ের দিন সুরভীর সোশ্যাল মিডিয়ার পোস্টে, কর্মের ফলের উল্লেখ ছিল। অভিষেক এবার শার্লিকে পাশে নিয়ে মুখ খুললেন। একটা সাক্ষাত্কারে তাঁর বক্তব্য, ”আমাকে বোঝানো হতো আমি কতটা খারাপ। আমি একটা সময়ে নিজেকে খারাপ ভাবতে শুরু করেছিলাম। ডিপ্রেশনে চলে যাওয়াটাই স্বাভাবিক ছিল। কারও সঙ্গে মতের অমিল হতেই পারে। কিন্তু সেটা নিয়ে আলোচনা সেই পর্যায়ে নিয়ে যাওয়া হতো, যখন আমি চেঁচিয়ে ফেলতাম। তারপর প্রশ্ন করা হতো, কেন আমি চেঁচালাম।” অভিষেকের দাবি, শার্লি অত্যন্ত সত্ একজন মেয়ে। শার্লি তাঁর জীবনে আসার পর তিনি বিশ্বাস করতে শুরু করেছেন, তাঁর মধ্যেও ভালো কিছু আছে। এমন সাক্ষাত্কার সামনে আসার পর, সোশ্যাল মিডিয়াতে কিছু বিরূপ মন্তব্য নজরে আসছে। একজন লিখেছেন, ”আপনি কি সুরভী মল্লিকের সঙ্গে এরকম টক্সিক সম্পর্কে ছিলেন?” বিয়ের পর বেড়াতে গিয়ে অভিষেক আর শার্লি একটা ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে অভিষেক শার্লির গালে কামড় বসানোর ভঙ্গিমা করেছেন। সেই মুহূর্তটা তুলে ধরেও সোশ্য়াল মিডিয়ায় এক ব্যক্তির কমেন্ট, ”নিজের বউয়ের সঙ্গে কে এমন করে? আপনি বেশি স্মার্টনেস দেখাতে গিয়ে পুরো বিষয়টাকে বোকামির পর্যায়ে নিয়ে গেলেন!” তবে এসব বিষয়কে পাত্তা না দিয়ে সামনের দিনগুলোকে সুখের করে তুলতে চান অভিষেক-শার্লি।