India Pakistan tension: ফোন করলেন মার্কিন বিদেশ সচিব, ভারতের অবস্থান জানিয়ে দিলেন জয়শঙ্কর – Bengali News | India’s response always responsible, remain so, External Affairs Minister S Jaishankar tells US
বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও
নয়াদিল্লি: ভারত শুধু হামলার জবাব দিয়েছে। প্রত্যাঘাত করেছে। এবং ভবিষ্যতেও হামলা হলে তার যোগ্য জবাব দেওয়া হবে। অপারেশন সিঁদুরের পরই অবস্থান স্পষ্ট করে দেয় ভারত। পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে এবার মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওকেও নিজেদের সেই অবস্থানের কথা জানাল নয়াদিল্লি। মার্কিন বিদেশ সচিবকে ফোনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বললেন, “ভারত সবসময় সংযমী ও দায়িত্বশীল থেকেছে, সেটাই থাকবে।”
ভারত-পাকিস্তান সংঘাতের আবহে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলার পর ভারতের বিদেশমন্ত্রীকে ফোন করেন মার্কিন বিদেশ সচিব। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা হয়েছে মার্কো রুবিওর। দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের বার্তা দেন মার্কিন বিদেশ সচিব। পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার জন্য ভারতের কাছে আর্জিও জানান তিনি।
মার্কিন বিদেশ সচিবের সঙ্গে কথা বলার পর এক্স হ্যান্ডলে এস জয়শঙ্কর লেখেন, “আজ সকালে মার্কিন বিদেশ সচিবের সঙ্গে ফোনে কথা হয়েছে। ভারত সবসময় সংযমী ও দায়িত্বশীল থেকেছে, সেটাই থাকবে।” ভারত যে পাকিস্তানের হামলার প্রেক্ষিতে শুধুমাত্র প্রত্যাঘাত করেছে, তা স্পষ্ট করে দেন এস জয়শঙ্কর।
এই খবরটিও পড়ুন
এদিকে, ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলার আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন বিদেশ সচিব। দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে পদক্ষেপের জন্য মুনিরকে বার্তা দেন মার্কিন বিদেশ সচিব।
অপারেশন সিঁদুরের পর ভারত জানায়, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের শুধুমাত্র একাধিক জঙ্গিঘাঁটিতে আঘাত হানা হয়েছে। পাকিস্তান সেনার কোনও পরিকাঠামোয় আঘাত হানা হয়নি। পাকিস্তানের কোনও সাধারণ মানুষের উপরও আঘাত হানা হয়নি। কিন্তু, অপারেশন সিঁদুরের পর পাকিস্তান বিনা প্ররোচনায় সীমান্তে গোলাবর্ষণ করে। মিসাই ছোড়ে। ড্রোন হামলা চালানোর চেষ্টা করে। কিন্তু, ভারতীয় সেনা প্রত্যেকটি হামলা প্রতিহত করেছে। ভারতের স্পষ্ট বক্তব্য, ভারত কোনও হামলা চালায়নি। শুধুমাত্র প্রত্যাঘাত করেছে। এবং ভবিষ্যতেও হামলা হলে যোগ্য জবাব দেওয়া হবে।
